বাংলাদেশ

গোপন গোয়েন্দা প্রতিবেদন

আরাকান সংঘাতের ছায়া বাংলাদেশে: পাহাড়, সীমান্ত ও ক্যাম্পে উচ্চ ঝুঁকির অ্যালার্ট

  • 4:15 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সীমান্ত সংঘাত নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও এটি একটি বড় হুমকিতে পরিণত হচ্ছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘিরে আবারও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নতুন মাত্রা নেওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা এবং সামগ্রিক অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী তাতমাদাওয়ের মধ্যে যুদ্ধ যত তীব্র হচ্ছে, ততই এই সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠন। ফলে কক্সবাজার ও টেকনাফ সীমান্ত এলাকা দিন দিন আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে পুরো পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সীমান্ত সংঘাত নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও এটি একটি বড় হুমকিতে পরিণত হচ্ছে। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, শত শত বাংলাদেশি পাহাড়ি যুবক মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। যুদ্ধ প্রশিক্ষণ শেষে তারা আধুনিক ও ভারী অস্ত্রসহ দেশে ফিরে আসছে, যা ভবিষ্যতে ভয়াবহ নিরাপত্তা সংকট তৈরি করতে পারে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, এসব যুদ্ধফেরত যুবক যদি ভবিষ্যতে মিলিশিয়া, ডাকাত দল, মাদকচক্র বা উগ্রবাদী নেটওয়ার্কে যুক্ত হয়, তাহলে পাহাড়ি অঞ্চলসহ পুরো সীমান্ত এলাকা আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, সীমান্ত পেরিয়ে এই সংঘাতের অভিঘাত পড়ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, রোহিঙ্গা ক্যাম্পের স্থিতিশীলতা এবং সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতির ওপর। এর ফলে দেশের অন্যতম পর্যটন অঞ্চল কক্সবাজার-টেকনাফ এলাকাও ধীরে ধীরে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা অঞ্চলে পরিণত হচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে ড্রোন হামলা, সশস্ত্র সংঘর্ষ, অপহরণ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং ক্যাম্পভিত্তিক অপরাধমূলক তৎপরতা আরও বেড়ে যেতে পারে। এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে আরাকান আর্মির যুদ্ধপ্রযুক্তির অগ্রগতির দিকটিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, গত ৬ জানুয়ারি রাখাইন রাজ্যের সিত্তে টাউনশিপের থেইন তান এলাকায় আরাকান আর্মি ড্রোন ব্যবহার করে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালায়। এতে অন্তত আট থেকে ১০ জন সেনা আহত হন। বিশ্লেষকদের মতে, ড্রোন ব্যবহারের মাধ্যমে আরাকান আর্মি এখন আর কেবল একটি গেরিলা গোষ্ঠী নয়, বরং আধুনিক যুদ্ধপ্রযুক্তিতে সজ্জিত বিদ্রোহী বাহিনীতে রূপ নিচ্ছে। এর ফলে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় আকাশপথ থেকেও নতুন হুমকি তৈরি হয়েছে।

আরেকটি উদ্বেগজনক দিক হলো রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ। প্রতিবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি মংডু জেলার টে চং ও গদুরা বাজার এলাকায় আরাকান আর্মির ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন এআরএ ও ইসলামিক আল-মাহাজ। এতে আরাকান আর্মির ছয় সদস্য এবং এক এআরএ সদস্য নিহত হন। একই দিনে রাথেডাউং এলাকায় আরাকান আর্মি ও আরসা সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব সংঘর্ষ রোহিঙ্গা সমাজকে আরও বিভক্ত করছে। একদিকে কিছু গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সমঝোতায় থাকছে, অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামছে সশস্ত্র দলগুলো। এর চূড়ান্ত ভুক্তভোগী হচ্ছে সাধারণ রোহিঙ্গারা। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব সীমান্তে অস্থিরতা বাড়াবে এবং বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশের চাপ সৃষ্টি করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ও ক্যাম্প-১৭ এলাকায় সম্প্রতি একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৬৬ রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং একই সময়ে অন্তত সাতটি অপহরণের ঘটনায় নয়জনকে তুলে নেওয়া হয়। তাদের মধ্যে মাত্র দুজন মুক্তিপণের বিনিময়ে ফিরে আসতে পেরেছেন। টেকনাফের পাহাড়ি এলাকাতেও ডাকাত দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে। জানুয়ারির শুরুতে সেখানে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাও ঘটে।

গোপন প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরাকান আর্মির যুদ্ধ-অর্থনীতির অন্যতম প্রধান উৎস হলো মাদক চোরাচালান। মিয়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে প্রবেশ করছে এবং বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার হচ্ছে মিয়ানমারে। এই অবৈধ কারবার থেকেই আরাকান আর্মির অস্ত্র ও রসদের জোগান শক্তিশালী হচ্ছে। বিশেষজ্ঞরা একে ‘ক্লাসিক ওয়ার ইকোনমি’ হিসেবে চিহ্নিত করেছেন।

গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, আরাকান আর্মির পক্ষে যুদ্ধে যাওয়া বাংলাদেশিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সীমান্তে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি স্থাপন, দুর্গম পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তা ক্যাম্প গড়া, যৌথ টহল জোরদার, মাদক অর্থনীতির অর্থপ্রবাহে নজরদারি বাড়ানো এবং রোহিঙ্গা ক্যাম্পে সিসিটিভি ও কমিউনিটি পুলিশিং সম্প্রসারণের কথা বলা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে ড্রোন ও আধুনিক যুদ্ধপ্রযুক্তির ব্যবহার বাংলাদেশের জন্য নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। সীমান্ত এখন আর শুধু কাঁটাতার বা টহলের বিষয় নয়, আকাশপথ থেকেও হুমকি আসছে। তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি হলো যুদ্ধপ্রশিক্ষণ নিয়ে অস্ত্রসহ দেশে ফেরা পাহাড়ি যুবকরা।

অন্যদিকে অপরাধ বিশেষজ্ঞ মো. সাখাওয়াত হোসেন বলেন, আরাকান আর্মির অর্থনীতির সঙ্গে বাংলাদেশের ইয়াবা বাজার সরাসরি যুক্ত হয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। এই মাদক অর্থনীতি বন্ধ করা না গেলে কক্সবাজার-টেকনাফ অঞ্চল দীর্ঘমেয়াদে অপরাধের আখড়ায় পরিণত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাখাইনের সংঘাত এখন আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নয়। এটি বাংলাদেশকে জড়িয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ এবং মানবিক প্রস্তুতি একসঙ্গে না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে তারা সতর্ক করেছেন।

সূত্রঃ ঢাকা পোস্ট

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au