বাংলাদেশ

সশস্ত্র গ্রুপ, বিকল সিসিটিভি : নির্বাচনে রোহিঙ্গা ক্যাম্প বড় ঝুঁকি!

  • 4:36 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
নির্বাচনী প্রচারণায় রোহিঙ্গা ব্যবহারের ঝুঁকি, রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের প্রস্তুতি চলছে, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ক্যাম্পে সশস্ত্র গ্রুপের সক্রিয় উপস্থিতি, অবৈধ অস্ত্রের মজুত এবং কার্যত অকার্যকর সিসিটিভি ব্যবস্থার কারণে নির্বাচনকালীন নাশকতা, ভুয়া ভোট প্রদান ও রাজনৈতিক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্প্রতি পাওয়া নথিপত্র ও সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে এবং রোহিঙ্গাদের যেকোনো ধরনের নির্বাচনী তৎপরতা থেকে দূরে রাখতে বেশ কিছু কঠোর সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে দেরি হলে নির্বাচন ও জাতীয় নিরাপত্তা উভয়ই ঝুঁকির মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

গোপন ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে একাধিক সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরেই সক্রিয়। নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল এসব গোষ্ঠীকে ব্যবহার করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে, অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কিছু রোহিঙ্গা ভোট দেওয়ার চেষ্টা করতে পারেন অথবা রাজনৈতিক মিছিল, জনসভা ও প্রচারণায় জড়িয়ে পড়তে পারেন।

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং নির্বাচনকালীন নাশকতার ঝুঁকি, সবমিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা , ছবিঃ সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন সম্প্রতি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে রোহিঙ্গা ক্যাম্প ‘সিল’ করার প্রস্তাব দিলেও বাস্তব পরিস্থিতিতে এটি কার্যকরভাবে করা কঠিন। ক্যাম্পগুলোর বিশাল আয়তন, কার্যকর সীমানা প্রাচীরের অভাব এবং অধিকাংশ সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকেজো থাকায় পুরো এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া বাস্তবসম্মত নয় বলে মত দিয়েছে গোয়েন্দা সংস্থা।

নির্বাচন সামনে রেখে ৬ ও ৭ জানুয়ারি নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত একাধিক মতবিনিময় সভায়ও রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা জানান, ক্যাম্পের কিছু বাসিন্দা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং নির্বাচনের সময় ভোট দেওয়ার চেষ্টা করতে পারেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ত হওয়ার ঝুঁকির কথাও আলোচনায় উঠে আসে।

রোহিঙ্গা ক্যাম্প সিল করা নিয়ে বিতর্ক। সীমানা প্রাচীর ও সিসিক্যামেরার অভাবে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে কক্সবাজার, ছবিঃ সংগৃহীত

গোয়েন্দা সংস্থার সুপারিশের মধ্যে রয়েছে— কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যেন রোহিঙ্গাদের নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার না করে, সে বিষয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে স্পষ্ট নির্দেশনা দেওয়া। এ ধরনের কর্মকাণ্ডকে নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন ও ভোট-পরবর্তী অন্তত এক সপ্তাহ রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান চালানোর সুপারিশ করা হয়েছে। অবৈধভাবে ভোটার তালিকায় নাম ওঠানো রোহিঙ্গাদের ভোট দেওয়া ঠেকাতে ভোটগ্রহণের সাত দিন আগে থেকেই কক্সবাজার শহর ও ক্যাম্প এলাকায় আটক কার্যক্রম জোরদারের কথাও বলা হয়েছে। ক্যাম্প ইনচার্জদের নির্বাচনকালীন সময়ে অন্য কোনো দায়িত্বে না পাঠিয়ে সার্বক্ষণিক ক্যাম্পে অবস্থান নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের বিষয়টি কেবল ভোটের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মো. সাখাওয়াত হোসেনের মতে, দীর্ঘদিন ধরে ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী ও অবৈধ অস্ত্রের উপস্থিতি রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এসব গোষ্ঠীকে ব্যবহার করা হলে তা শুধু নির্বাচনী পরিবেশ নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন বলেন, ক্যাম্পের সীমানা প্রাচীর ও নজরদারি ব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের অবহেলার ফল। তাঁর মতে, নির্বাচনের আগে জরুরি ভিত্তিতে সিসিটিভি মেরামত, প্রবেশপথ নিয়ন্ত্রণ, টহল ও চেকপোস্ট বাড়ানো এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান জোরদার না করলে ঝুঁকি এড়ানো কঠিন হবে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটের আগে ও পরে রোহিঙ্গা ক্যাম্পের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা জানিয়েছে। তবে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, বাস্তব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সমন্বিত, দীর্ঘমেয়াদি ও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা ছাড়া এই ঝুঁকি মোকাবিলা সম্ভব নয়।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au