বাংলাদেশ

নরসিংদীতে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা

দাদা প্রতিবন্ধী, ভাই অসুস্থ- চঞ্চলই ছিলেন একমাত্র উপার্জনক্ষম

  • 4:45 am - January 26, 2026
  • পঠিত হয়েছে:৩০৮ বার

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- ঘুমন্ত অবস্থায় নরসিংদীর একটি গ্যারেজে চঞ্চল ভৌমিক নামের যে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়, তার পরিবারে চলছে শোকের মাতম। কোনো কিছুতেই থামছে না তাদের আহাজারি। ঘটনার দুইদিন পরও নিহত চঞ্চলদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।

তবে সেই বাড়ির উঠোনজুড়ে নীরবতা আর কান্নাভেজা ভারী পরিবেশ। ছেলেকে হারিয়ে চঞ্চলের মা পাথরের মতো নিথর হয়ে বসে আছেন। তার পাশেই প্রতিবন্ধী বড় ভাই, অসুস্থ মেজ ভাই ও স্বজনরা নির্বাক হয়ে সময় কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।

নিহত চঞ্চল চন্দ্র ভৌমিকের বাবা খোকন চন্দ্র ভৌমিক মারা যান তিন বছর আগে। তিন ভাইয়ের মধ্যে চঞ্চল ছিলেন সবার ছোট এবং সংসারের একমাত্র ভরসা। বড় ভাই প্রতিবন্ধী এবং মেজ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের ভরণপোষণের পুরো দায়িত্বই ছিল চঞ্চলের কাঁধে।

চঞ্চলের কাকা দূর্যোধন ভৌমিক বলেন, ‘প্রায় সাত বছর আগে আমার ভাতিজা নরসিংদীতে গিয়ে পরিচিত একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ শেখে। এরপর নিয়মিত কাজ করত, বাড়িতে যাতায়াতও ছিল। কখনো তার কোনো সমস্যার কথা শুনিনি।’

“আগুন লাগার খবর পেয়ে আমরা রাতেই সেখানে ছুটে যাই। আগুন নেভার পর তাকে মৃত্যুমুখে পড়ে থাকতে দেখি। পরদিন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে সৎকার করা হয়। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।”

শুক্রবার রাত ১১টার দিকে নরসিংদী শহরের পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি মোটরসাইকেল গ্যারেজে আগুনে পুড়িয়ে চঞ্চলকে হত্যা করা হয়।

প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে গ্যারেজের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা পেট্রল ও মোবিলের কারণে মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবেই চঞ্চলকে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের দাবি, দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে চঞ্চল হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

মামলা
চঞ্চল ভৌমিককে পুড়িয়ে মারার ঘটনায় রোববার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।িএতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দোকানের সামনে ও আশপাশে কয়েকজনকে চলাফেরা করতে দেখা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

“রুবেল নামে একজন দোকানমালিকের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগটি আমলে নিয়ে মামলায় নথিভুক্ত করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের আটক করার চেষ্টা করছি।”

 

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au