খেলা

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি

পাকিস্তানকে নিয়ে জরুরি বৈঠক ডাকতে পারে আইসিসি

  • 6:58 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
আইসিসি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দেওয়ায় পাকিস্তানকে নিয়ে জরুরি বোর্ড সভা ডাকতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সংস্থাটির ভেতরের সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বা বুধবার আইসিসি বোর্ডের বৈঠক হতে পারে। বৈঠকে পাকিস্তানের অবস্থান এবং পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সরকার জানায়, তাদের জাতীয় দল ভারতের বিপক্ষে খেলবে না। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি বা বার্তা পায়নি আইসিসি।

সরকারের সিদ্ধান্ত প্রকাশের কয়েক ঘণ্টা পর পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, জাতীয় দল সেটিই মেনে চলবে। তিনি জানান, বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে নেই। এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন, এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এর আগে তিনি পুরো টুর্নামেন্ট বয়কটের কথা বললেও পরে অবস্থান বদলে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ইঙ্গিত দেন। এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশকে সমর্থন জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে দলটির জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। তবে আইসিসি সে সময় বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত দাবি অস্বীকার করেছিল।

আইসিসির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান যদি সত্যিই ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে না নামে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের হিসাবে ম্যাচ বর্জন করলে পাকিস্তান সরাসরি দুই পয়েন্ট হারাবে এবং নেট রান রেটেও বড় ধাক্কা লাগবে।

মাঠের বাইরের শাস্তি আরও গুরুতর হতে পারে। সম্ভাব্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়া এবং এই লিগের আন্তর্জাতিক স্বীকৃতি ও বাণিজ্যিক সহায়তা প্রত্যাহার। এছাড়া আইসিসি থেকে পাওয়া রাজস্ব আয়ের বড় একটি অংশ কেটে নেওয়া হতে পারে, যার ওপর পিসিবি অনেকটাই নির্ভরশীল। ভারতের বিপক্ষে ম্যাচ না হওয়ায় সম্প্রচারকারীদের যে আর্থিক ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ দিতে পিসিবিকে বাধ্য করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি এশিয়া কাপ থেকে বাদ পড়া এবং পাকিস্তানকে ঘিরে সব দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করার মতো সিদ্ধান্তও আসতে পারে।

আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। সংস্থাটি বলেছে, জাতীয় নীতির বিষয়ে সরকারগুলোর ভূমিকার প্রতি সম্মান রেখেই তারা জানাতে চায়, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট বা বিশ্বজুড়ে ভক্তদের স্বার্থে নয়। আইসিসি আশা করছে, পিসিবি দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, কারণ এর প্রভাব শুধু পাকিস্তান নয়, পুরো বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর পড়তে পারে।

ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি দেখা ম্যাচগুলোর একটি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও এই ম্যাচের জনপ্রিয়তা কমেনি। ২০১২ সালের পর থেকে বড় টুর্নামেন্টগুলোতে আইসিসি নিয়মিতভাবে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখছে। গত বছর এশিয়া কাপে এক মাসের মধ্যে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল, যা সম্প্রচার সংস্থাগুলোর জন্য বিপুল রাজস্ব এনে দেয়।

এই মাসে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করে, তাহলে সম্প্রচার সংস্থাগুলো আইসিসির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতি পাকিস্তানের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বিশ্বকাপে ম্যাচ না খেলার ঘটনা থাকলেও এত উচ্চপর্যায়ের এবং শেষ মুহূর্তে ঘোষণা করা বয়কট নজিরবিহীন। ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যায়নি। ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড এবং কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড। তবে এসব ঘটনার কোনোটিই ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের মতো বড় আলোচনার জন্ম দেয়নি।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au