বাংলাদেশ

আন্দোলনের চতুর্থ দিনে চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন স্থবিরতা

আন্দোলন দমাতে বদলি ১৫ জন, রমজানের আগে সংকটের আশঙ্কা, বন্দর, জেটি ও বহিনোঙরে আটকা ৯৮ জাহাজ

  • 6:46 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো অচলাবস্থায় পড়েছে চট্টগ্রাম বন্দর। আন্দোলনের অংশ হিসেবে আগের তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে অবরোধ কর্মসূচি পালনের পর আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রম কার্যত থমকে গেছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এই ২৪ ঘণ্টার কর্মবিরতি পালিত হচ্ছে। এর ফলে বন্দরের জেটি ও বহিনোঙরে পণ্য খালাসের অপেক্ষায় ভাসছে মোট ৯৮টি জাহাজ। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব জাহাজের মধ্যে অন্তত ৩২টিতে রয়েছে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য। রমজানের আগে এমন পরিস্থিতিতে আমদানি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে সোমবারের পর আর নতুন করে পোর্ট পারফরম্যান্স আপডেট করা হয়নি। তবে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দর এলাকায় অপেক্ষমাণ ৯৮টি জাহাজের মধ্যে ১২টি কনটেইনারবাহী জাহাজ রয়েছে। এ ছাড়া ২৯টি জেনারেল কার্গো জাহাজ, গম ও চালসহ খাদ্যসামগ্রী বহনকারী ২২টি জাহাজ, চিনির কাঁচামাল বোঝাই পাঁচটি জাহাজ, লবণ বহনকারী দুইটি জাহাজ এবং তেল বহনকারী নয়টি জাহাজ রয়েছে। বাকি জাহাজগুলোতে সার, সিমেন্ট ক্লিঙ্কারসহ বিভিন্ন ধরনের শিল্পপণ্য রয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন মো. ওমর ফারুক বলেন, রমজানের আগে এ ধরনের কর্মসূচি দেশের সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শ্রমিক ও কর্মচারীরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মবিরতি থেকে সরে আসবেন। অন্যথায় প্রশাসনকে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে।

এদিকে আন্দোলনের মধ্যেই গতকাল সোমবার হঠাৎ করে ১৫ জন আন্দোলনকারী কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা এক অফিস আদেশে দাপ্তরিক প্রয়োজনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে। আন্দোলন দমাতেই এই বদলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক। তারা হলেন অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবির এবং ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন। তারা দুজনই চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের শীর্ষ নেতা হিসেবে পরিচিত। আদেশে প্রথমে তাদের ঢাকার পানগাঁও টার্মিনালে সংযুক্ত দেখানো হলেও একদিনের ব্যবধানে যথাক্রমে মোংলা ও পায়রা বন্দরে সংযুক্ত করা হয়।

এ ছাড়া পানগাঁও টার্মিনালে সংযুক্ত চট্টগ্রাম বন্দরের এস এস খালাসি মো. ফরিদুর রহমান, উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফি উদ্দিন ও রাশিদুল ইসলামকে পায়রা বন্দরে বদলি করা হয়েছে। মোংলা বন্দরে বদলি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন উচ্চমান সহকারী শাকিল রায়হান, উচ্চ বহিঃসহকারী আবদুল্লাহ আল মামুন, স্টেনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, ইসিএম ড্রাইভার মানিক মিঝি ও আমিনুর রসুল বুলবুল এবং মেসন শামসু মিয়া। পায়রা বন্দরে বদলি হওয়া অন্য কর্মচারীদের মধ্যে আছেন স্টেনো টাইপিস্ট জহিরুল ইসলাম, এস এস পেইন্টার হুমায়ুন কবির, ইসিএম ড্রাইভার লিয়াকত আলী ও খালাসি মো. রাব্বানী।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, আন্দোলন দমাতে সরকার ও বন্দর কর্তৃপক্ষ অন্যায়ভাবে কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করছে এবং হয়রানি করছে। তিনি দাবি করেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও জোরদার হবে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au