বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট

রমজানের বাজার ধরতে পারবে না বন্দরে আটকা বেশিরভাগ পণ্য

১৮৫ জাহাজ ও ৬০ লাখ টন পণ্য আটকা, সাত দিনে ক্ষতি ২২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

  • 6:58 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- চট্টগ্রাম বন্দরে চলমান কর্মবিরতির কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। সরকার সংসদ নির্বাচনের আগে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেওয়ায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করলেও এরই মধ্যে অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দর সচল হলেও জমে ওঠা জট স্বাভাবিক করতে অন্তত ১৫ দিন সময় লাগবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। এতে রমজানের বাজার ধরতে পারবেন না বিপুল পরিমাণ ভোগ্যপণ্যের আমদানিকারকরা।

বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরে ১৮৫টি জাহাজ পণ্য নিয়ে আটকে রয়েছে। পাশাপাশি ২১টি কনটেইনার ডিপোতে জমে আছে বিপুল পরিমাণ আমদানি ও রপ্তানি পণ্য। এসব জাহাজে প্রায় ৬০ লাখ টন পণ্য রয়েছে, যার মধ্যে ১৫টি কনটেইনার জাহাজে আছে খেজুর, ফলমূল ও বিভিন্ন শিল্পের কাঁচামাল। অন্য জাহাজগুলোতে রয়েছে চিনি, ভোজ্যতেল, গম, ডালসহ অন্তত ১৩ ধরনের খাদ্যপণ্য, যা মূলত রমজানের বাজারকে লক্ষ্য করেই আমদানি করা হয়েছিল।

গত রোববার নতুন করে কর্মবিরতি শুরুর আগে বন্দরের জেটিতে ২০ ফুট এককের আমদানি পণ্যবোঝাই প্রায় ৩৭ হাজার কনটেইনার পড়ে ছিল। একই সময়ে ডিপোগুলোতে রপ্তানির জন্য প্রস্তুত কনটেইনার জমেছে ১২ হাজার ৪৮৩টি। ব্যবসায়ীরা জানান, রমজান ও জাতীয় সংসদ নির্বাচন কাছাকাছি হওয়ায় তারা মাসের শুরুতেই পণ্য খালাসের পরিকল্পনা করেছিলেন। কিন্তু গত ১০ দিনের মধ্যে সাত দিনই কর্মবিরতির কারণে কার্যক্রম বন্ধ ছিল। শুক্র ও শনিবার কর্মবিরতি না থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে স্বাভাবিক কাজ হয়নি।

বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, কর্মবিরতি পুরোপুরি প্রত্যাহার হলেও জাহাজ ও কনটেইনারের যে জট তৈরি হয়েছে, তা কাটাতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এই সময়ে রমজানের বাজারে পণ্য সরবরাহ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দীর্ঘ ছুটি ও যানবাহন চলাচলে বিধিনিষেধ। এতে রপ্তানি পণ্য সময়মতো বন্দরে পাঠানো নিয়েও সংশয়ে রয়েছেন রপ্তানিকারকরা।

এদিকে বন্দরের পাইপলাইনে রয়েছে আরও অন্তত ২০টি জাহাজ, যেগুলো আগামী সাত দিনের মধ্যে নোঙর করার কথা। সময়মতো এসব জাহাজ বন্দরে এলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, চলতি মাসে কার্যকর কর্মদিবস থাকবে মাত্র ১৩ দিন। ছুটির দিনে বন্দর ২৪ ঘণ্টা খোলা থাকলেও খালাস কার্যক্রম স্বাভাবিকের তুলনায় অর্ধেকে নেমে আসে।

বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এম এ সালাম বলেন, আটকে থাকা জাহাজগুলোর অনেকগুলোতেই শিল্পের কাঁচামাল ও রমজানের পণ্য রয়েছে। পাশাপাশি ডিপোতে ১২ হাজারের বেশি রপ্তানি কনটেইনার জমে আছে। এই সংকট সামাল দিতে কর্তৃপক্ষকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আরেক সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বন্দর ব্যবস্থাপনায় দূরদর্শিতার অভাব ছিল স্পষ্ট। চুক্তি হবে না এই ঘোষণা আসতে আসতে দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এর দায় কার, সেই প্রশ্নও তোলেন তিনি।

কর্মবিরতির প্রভাবে বহির্নোঙরেও কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সারওয়ার হোসেন জানান, বহির্নোঙরে থাকা ৬৫টি জাহাজের খালাস কার্যক্রম মাঝপথে বন্ধ হয়ে যায়। আগের দিন যেখানে ২৪ ঘণ্টায় ৮৪ হাজার টনের বেশি পণ্য খালাস হয়েছিল, সেখানে কর্মবিরতির দিনে এক টন পণ্যও খালাস হয়নি। এতে শিল্প মালিকদের পাশাপাশি ২৭টি শিপিং এজেন্ট বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

এই মাসে মাত্র দুদিন কর্মবিরতি না থাকায় ৬ ও ৭ ফেব্রুয়ারি বন্দর ও ডিপো কিছুটা সচল ছিল। ওই দুই দিনে ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পাঠানো এবং আমদানি কনটেইনার খালাসের হার বেড়েছিল। তবে আবার ধর্মঘট শুরু হওয়ায় সেই গতি থেমে যায়।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কর্মবিরতি শুরুর আগে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা ছিল ৯৭টি, যা কয়েক দিনের মধ্যে বেড়ে দাঁড়ায় ১৮৫টিতে। এর অর্ধেকের বেশি জাহাজে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, ছোলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এসব পণ্যের মধ্যে মেঘনা গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, সিটি গ্রুপ ও টিকে গ্রুপের বড় চালান রয়েছে।

টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার তসলিম বলেন, নির্বাচন ও রমজান কাছাকাছি হওয়ায় অনেক আমদানিকারক আগেভাগেই পণ্য এনেছিলেন। আশা ছিল রমজানের আগেই বাজারে সরবরাহ করা যাবে। কিন্তু টানা কর্মবিরতিতে সব পরিকল্পনা ভেস্তে গেছে। এখন এই জট খুলতে ১৫ দিনেরও বেশি সময় লাগতে পারে।

বন্দর ও ডিপোতে জমে থাকা কনটেইনার পরিস্থিতিও ভয়াবহ। জেটিতে আমদানি কনটেইনারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজারের বেশি। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার কনটেইনার ডেলিভারি নেওয়া হয়, সেখানে কর্মবিরতির প্রথম ছয় দিনে ডেলিভারি হয়েছে মাত্র আট হাজারের কিছু বেশি। ডিপোতেও রপ্তানি কনটেইনারের সংখ্যা এক সময় বেড়ে ১৪ হাজার ছাড়িয়ে যায়।

নৌ উপদেষ্টার হস্তক্ষেপে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত হওয়ায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন সবাই। সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন জানান, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। তবে সি কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বন্দরে যে জট তৈরি হয়েছে, তা কাটাতে অন্তত ১৫ দিন লাগবেই। এর মধ্যে নতুন জাহাজ আসলে সংকট আরও বাড়বে।

ব্যবসায়ীদের হিসাবে, গত সাত দিনে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় অন্তত ২২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বিজিএমইএ জানিয়েছে, তাদের প্রায় ১৫ হাজার কোটি টাকার আমদানি ও রপ্তানি পণ্য আটকে আছে। প্রয়োজনে এসব পণ্য বিমানে পাঠাতে হলে বাড়তি খরচ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। শিপিং এজেন্ট, ডিপো মালিক, সিঅ্যান্ডএফ এজেন্ট, পরিবহন খাত এবং এনবিআরও বড় অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। সংশ্লিষ্টদের মতে, রমজানের আগে এই সংকট দেশের অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে দেখা দেবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au