বাংলাদেশ

সম্পাদকীয়

ভোটের রাজনীতি: সংখ্যালঘুরা বারবার পুড়ে – এই চক্র ভাঙতেই হবে

ড. প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা, মেলবোর্ন

  • 8:23 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:২৯৩ বার
ভোটের রাজনীতি: সংখ্যালঘুরা বারবার পুড়ে -এই চক্র ভাঙতেই হবে। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি লেখা হয়েছে নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার মধ্য দিয়ে। জাতীয় নির্বাচন যখন আসে, তখন রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মানুষেরা সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে পড়ে!

এটি একটি কাঠামোগত ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা ও কার্যকর সুরক্ষা কাঠামোর ঘাটতি এই ঝুঁকিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মানবাধিকার সংগঠন সপ্রাণের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন এই বাস্তবতাকে শুধু তুলে ধরেনি, বরং পরিসংখ্যান দিয়ে রাষ্ট্রকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ঠেকানো তো দূরের কথা, উল্টো অনেক সময় তা উসকে দেওয়া হয়।

গত দুই দশকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটে। ওই সময় অন্তত ৭৮টি বড় ধরনের ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়—যা এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ। পরবর্তী নির্বাচনগুলোতে ঘটনার সংখ্যা ওঠানামা করলেও সহিংসতার ধরন বদলেছে – তা হয়েছে আরও লক্ষ্যভিত্তিক, আরও পরিকল্পিত। অর্থাৎ, হামলা এখন আর কেবল উন্মত্ততার বহিঃপ্রকাশ নয়; এটি কৌশলগতভাবে ভয় দেখানো ও জায়গা দখলের অস্ত্র।

সহিংসতা ধরন বিশ্লেষণ করলে আরো ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। মোট ঘটনার ৪২ দশমিক ৭ শতাংশ ছিল সরাসরি শারীরিক আক্রমণ ও হত্যাকাণ্ড। প্রায় ২৯ দশমিক ৭ শতাংশ ছিল মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক সহিংসতা – প্রাণনাশের হুমকি, এলাকা ছাড়ার আলটিমেটাম, জমি দখলের মতো অপরাধ এতে অন্তর্ভুক্ত। ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ। আর ৩ দশমিক ৮ শতাংশ ছিল যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা – যার নির্মম উদাহরণ ২০১৮ সালের সুবর্ণচরের ঘটনা। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়; এগুলো একটি ধারাবাহিক সহিংসতার মানচিত্র।

আরও উদ্বেগজনক তথ্য হলো – নির্বাচনের দিনের চেয়ে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতার মাত্রা বেশি থাকে। অর্থাৎ, ভোটের আগের ভীতি প্রদর্শন ও ভোটের পর প্রতিহিংসা – এই দুই ধাপে সংখ্যালঘুদের ওপর আঘাত নেমে আসে বেশি। এটি প্রমাণ করে, সহিংসতা কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়; এটি রাজনৈতিক সংস্কৃতির একটি বিকৃত রূপ। ক্ষমতার পালাবদলে প্রতিশোধ নেওয়ার যে প্রবণতা, তার সহজ শিকার হয় সংখ্যালঘু সম্প্রদায়।

এই প্রেক্ষাপটে “ভোটব্যাংক” রাজনীতির ধারণা আরও বিপজ্জনক। সংখ্যালঘু ভোটারদের নাগরিক হিসেবে না দেখে সংখ্যার হিসাব হিসেবে দেখা হলে তারা ক্ষমতার লড়াইয়ে দরকষাকষির বস্তুতে পরিণত হয়। মাঠের রাজনীতিতে শোনা যায় – কোন আসনে কে জিতবে তা নাকি নির্ভর করে সংখ্যালঘু ভোটের সমীকরণের ওপর। এই ভাষা নিজেই সহিংসতার বীজ বপন করে, কারণ তখন ভোটার নয় – টার্গেট তৈরি হয়। প্রথম আলোর কয়েকটি প্রতিবেদনে ফুটে এসেছে অনেক আসনেই ফলাফল নির্ধারণ করবে সংখ্যালঘুরা!

এবারের রাজনৈতিক বাস্তবতায় প্রতিযোগিতা তীব্র, শক্তির ভারসাম্য বদলেছে, স্থানীয় পর্যায়ে ক্ষোভ জমেছে। কিন্তু এই উত্তাপের দায় সংখ্যালঘু নাগরিকদের ওপর চাপানো যাবে না। যে রাজনীতি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে রাজনীতি গণতন্ত্রের নামে ক্ষমতার দখলদারি মাত্র।

সপ্রাণ যে সুপারিশগুলো দিয়েছে, সেগুলো কোনো বিলাসী দাবি নয় – এগুলো ন্যূনতম রাষ্ট্রীয় দায়িত্ব। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে – চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, দিনাজপুরসহ – আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান ও কার্যকর উপস্থিতি বাড়াতে হবে। সংখ্যালঘু নেতাদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সামাজিক সম্পৃক্ততা জোরদার করতে হবে। অনলাইন গুজব ও উসকানি ঠেকাতে ডিজিটাল মনিটরিং ও ফ্যাক্ট-চেক ব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ জেলায় জরুরি প্রতিক্রিয়া ইউনিট গঠন করে ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

এখন প্রশ্ন একটাই: রাষ্ট্র কি এবারও ঘটনার পর শোকবার্তা দিয়ে দায় সারবে, নাকি আগাম প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করবে? নির্বাচন মানে শুধু ব্যালট বাক্স বসানো নয়; নির্বাচন মানে নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। এই সত্য অস্বীকার করলে আমরা বারবার একই আগুনে পুড়ব – আর প্রতিবারই পুড়বে সেই একই মানুষগুলো, যাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের ওপরই ন্যস্ত। তাহলে রাষ্ট্র কি এবার অন্তত সেই দায় সত্যিকার অর্থে নেবে?

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au