বাংলাদেশ

গোপন ইসলামী সংগঠন থেকে জামায়াতের আমীর: শফিকুর রহমানের রাজনৈতিক উত্থানের নেপথ্য গল্প

  • 5:28 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমানের রাজনৈতিক জীবনের শুরুটা ছিল ভিন্ন এক ধারায়। স্বাধীনতার পরবর্তী অস্থির সময়ে তিনি ছাত্ররাজনীতিতে যুক্ত হন জাসদ ছাত্রলীগের মাধ্যমে। তবে সিলেটের এমসি কলেজে পড়াশোনার সময় তিনি সেই সংগঠন থেকে হতাশ হয়ে কলেজ হোস্টেলেই গোপনে কার্যক্রম চালানো একটি ইসলামী সংগঠনের সংস্পর্শে আসেন। পরবর্তী সময়ে তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং ধাপে ধাপে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।

জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত জীবনী অনুযায়ী, শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ সালে এইচএসসি পাস করার পর সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন, যা পরে ওসমানী মেডিকেল কলেজ নামে পরিচিত হয়। ১৯৮৩ সালে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

গণঅভ্যুত্থানের পর জামায়াতের শক্তি প্রদর্শন। ২০২৪ সালের ৩০ নভেম্বর সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে দলের আমির শফিকুর রহমান।

তবে জাসদ ছাত্রলীগে তার সম্পৃক্ততা নিয়ে ভিন্নমত রয়েছে। সে সময়ের জাসদ ছাত্রলীগের নেতারা বলছেন, তিনি সমর্থক হয়ে থাকতে পারেন, কিন্তু সক্রিয় কর্মী হিসেবে তার সম্পৃক্ততার নির্দিষ্ট প্রমাণ তারা পাননি। স্বাধীনতা-পরবর্তী সময়ে জাসদ ছাত্রলীগের অন্যতম নেতা ও বর্তমানে জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, তখন জাসদ ছাত্রলীগ ব্যাপক জনসমর্থন পেয়েছিল। শফিকুর রহমান আদৌ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কি না তা নিশ্চিত করে বলা কঠিন। তবে তিনি যদি যুক্ত থেকেও থাকেন, পরে শিবিরে না গেলে দেশ ও জাতি উপকৃত হতো বলে মন্তব্য করেন তিনি।

ডা. মুশতাক হোসেন, যিনি সে সময় জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে ডাকসুর জিএস নির্বাচিত হন, জানান যে শফিকুর রহমান তার দুই বছরের জুনিয়র ছিলেন। স্বাধীনতার পরপর সময়ে জাসদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের জোয়ার ছিল। তবে সিলেটের জাসদ ছাত্রলীগের নেতাদের কাছ থেকে শফিকুর রহমানের সক্রিয় সম্পৃক্ততার তথ্য তিনি পাননি। তিনি আরও বলেন, বর্তমান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সাবেক এমপি লতিফুর রহমানের জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য তার জানা আছে।

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ফাইল ছবি

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে যে, স্বাধীনতার পর জামায়াতে ইসলামী নিষিদ্ধ থাকায় দলটির ভবিষ্যৎ কিছু নেতা বামঘরানার ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরে জিয়াউর রহমানের আমলে জামায়াত রাজনীতির সুযোগ পেলে তারা ধীরে ধীরে দলে সক্রিয় হন।

নিজের বক্তব্যে শফিকুর রহমান জানিয়েছেন, স্বাধীনতার পর প্রতিবাদী তরুণদের বড় অংশ জাসদ ছাত্রলীগে যোগ দিচ্ছিলেন এবং তিনিও সেই স্রোতে যোগ দেন। তবে এমসি কলেজে থাকার সময় তিনি দেখেন, জাসদ ছাত্রলীগের একটি অংশ ব্যাংক লুট, থানা ও অস্ত্র লুটসহ নানা সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে তিনি হতাশ হয়ে সংগঠন থেকে দূরে সরে যান। কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর তার জীবনে ঝুঁকিও তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

এক সাক্ষাৎকারে তিনি জানান, এক পর্যায়ে তিনি কলেজ হোস্টেল ছেড়ে চলে যান। পরে বড় ভাইদের অনুরোধে আবার হোস্টেলে ফিরে আসেন। সেখানে তিনি লক্ষ্য করেন, তার রুমমেটরা একটি ইসলামী ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত, যদিও তারা বিষয়টি গোপন রাখতেন। তাদের কাছ থেকেই তিনি দাওয়াত গ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জামায়াতে যোগ দেওয়ার পর তিনি সিলেট শহর ও জেলার সেক্রেটারি, নায়েবে আমীর এবং আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হন। ২০১০ সালে সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পান। একই বছরে দলের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন এটিএম আজহারুল ইসলাম। পরে আজহারুল ইসলামও গ্রেফতার হলে ২০১১ সালের সেপ্টেম্বরে শফিকুর রহমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের নভেম্বরে জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো দুই বছরের জন্য দলের আমীর নির্বাচিত হন। পরে ২০২৩ ও ২০২৫ সালেও তিনি পুনর্নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

বিশ্লেষকদের মতে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর দলটির নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে নতুন ও তুলনামূলক গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনার আলোচনা শুরু হয় দলের ভেতরে। অনেকের মতে, সেই প্রক্রিয়ার ফল হিসেবেই শফিকুর রহমানের উত্থান ঘটে।

দৈনিক নয়াদিগন্তের সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, কঠিন সময়ে শফিকুর রহমান দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলকে নির্দিষ্ট গণ্ডি থেকে বের করে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার নেতৃত্বে জামায়াত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যাওয়ার উদ্যোগ নেয়। এমনকি সংখ্যালঘু সম্প্রদায় ও কিছু মুক্তিযোদ্ধাকেও দলে অন্তর্ভুক্ত করা হয় এবং সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়। তার ভাষায়, এটি জামায়াতের ইতিহাসে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে, সমালোচকদের একটি অংশের ধারণা, শফিকুর রহমান শুরু থেকেই জামায়াত বা শিবিরঘনিষ্ঠ ছিলেন এবং স্বাধীনতার পরবর্তী বাস্তবতায় নিজেকে আড়াল রাখতেই জাসদ ছাত্রলীগে সম্পৃক্ততা ছিল কৌশলগত পদক্ষেপ। যদিও এই দাবি নিয়ে স্পষ্ট প্রমাণ সামনে আসেনি।

সব মিলিয়ে, জাসদ ছাত্রলীগ থেকে গোপন ইসলামী সংগঠন, সেখান থেকে ছাত্রশিবির এবং শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর আমীর পদে আসীন হওয়া পর্যন্ত শফিকুর রহমানের রাজনৈতিক পথচলা বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক জটিল ও বহুমাত্রিক অধ্যায়ের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au