বাংলাদেশ

মোট ভোটারের ১৭.২৮% ‘না’-এর পক্ষে, বিরত থেকেছে ৩৯.১৬%

  • 10:15 pm - February 14, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
মোট ভোটারের ১৭.২৮% ‘না’-এর পক্ষে, বিরত থেকেছে ৩৯.১৬%। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আয়োজিত গণভোটে সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে মিশ্র চিত্র দেখা গেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ভোটারের ১৭ দশমিক ২৮ শতাংশ সরাসরি ‘না’ ভোট দিয়েছেন এবং ৩৯ দশমিক ১৬ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থেকেছেন। সব মিলিয়ে প্রস্তাবের বিপক্ষে ভোটদানকারী ও ভোটে অংশ না নেওয়া ভোটারের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৪৪ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জাতীয় নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অর্থাৎ মোট ভোটারের প্রায় ৩৭ দশমিক ৭৫ শতাংশ সরাসরি সংস্কারের পক্ষে মত দিয়েছেন। বাতিল হয়েছে ৫ দশমিক ৮১ শতাংশ ভোট।

অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। পক্ষে ও বিপক্ষে মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। সে হিসাবে ৫ কোটি ১৬০ জন ভোটার গণভোটে অংশ নেননি। ‘না’ ভোটদানকারী এবং অংশগ্রহণ থেকে বিরত থাকা ভোটার মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ৭১ হাজার ৮৮৬ জন, যা মোট ভোটারের ৫৬ দশমিক ৪৪ শতাংশ।

জুলাই সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কারের মধ্যে ছিল জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদে না থাকা এবং একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিধান। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এ সনদে সই করেছে। একটি দল কিছু বিষয়ে আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্টসহ সই করেছে, আর একটি বড় দল এতে সই করেনি। জনসম্মতি যাচাই করতেই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করা হয়।

স্বাধীনতার পর দেশে এর আগে তিনবার গণভোট হয়েছে—১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে। ১৯৭৭ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নীতি ও কর্মসূচির প্রতি জনগণের সমর্থন যাচাইয়ে গণভোটের আয়োজন করেন। ১৯৮৫ সালের ২১ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নিজ নীতি ও রাষ্ট্রপতি পদে বহাল থাকার বিষয়ে জনমত জানতে গণভোট দেন। আর ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনী নিয়ে রাষ্ট্রপতি শাসিত নাকি সংসদীয় পদ্ধতি হবে, তা নির্ধারণে গণভোট অনুষ্ঠিত হয়। সে সময় একটি দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালায়। ওই গণভোট পরিচালনার জন্য প্রণয়ন করা হয় গণভোট আইন, ১৯৯১ এবং গণভোট বিধিমালা, ১৯৯১। এবারের গণভোটও একই আইন ও বিধিমালার অধীনে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন মোট ভোটারের ৬০ দশমিক ২৬ শতাংশ। অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৬৮ দশমিক শূন্য ৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং ৩১ দশমিক ৯৪ শতাংশ ‘না’ ভোট দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, অনেকেই ভোট দেননি, বিশেষ করে একটি দলের সমর্থকদের বড় অংশ অংশ নেয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে যারা ভোট দিয়েছেন, তাদের সংখ্যা প্রায় সাত কোটির মতো। তার মতে, এ সংখ্যাকে একেবারে কম বলা যাবে না; বরং উল্লেখযোগ্যসংখ্যক ভোটার অংশ নিয়েছেন।

সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার বলেন, গণভোটে যে বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন, সেটিই মূল বিবেচ্য। যারা ভোট দিতে আসেননি, তারা কার্যত অংশ নেননি। অতীতেও কম অংশগ্রহণের মধ্যেই গণভোটের ফল বাস্তবায়িত হয়েছে। তার ভাষায়, যারা কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, তাদের মতামতই এখানে গণ্য হয়েছে; যারা আসেননি, তাদের অবস্থানকে সক্রিয় মতামত হিসেবে ধরা যায় না।

ফল বিশ্লেষণে দেখা গেছে, রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে ‘হ্যাঁ’ ভোটের হার ছিল প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগের কয়েকটি জেলা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ‘না’ ভোট তুলনামূলক বেশি পড়েছে। সামগ্রিকভাবে গণভোটে অংশগ্রহণ উল্লেখযোগ্য হলেও মোট ভোটারের বড় একটি অংশ ভোটে না আসায় রাজনৈতিক মহলে এর তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au