সর্বশেষ

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

  • 8:43 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি। তবে এবার রোজার ঈদেই ছাড়িয়ে যেতে পারে দুই ঈদের সংখ্যা। এখন পর্যন্ত ১৬টি সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। তবে রোজা শুরু হলেও এখনো শুরু হয়নি এসব সিনেমার প্রচার-প্রচারণা।

প্রতি ঈদেই আলোচনার কেন্দ্রে থাকে শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে তিনি পর্দায় আসছেন নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটি বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্তমানে ভারতে চলছে শুটিং। শুটিং শেষ না হলেও সিনেমাটি ঈদেই মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।

গত বছরের রোজার ঈদের মতো এবারও মুক্তির তালিকায় আছে আফরান নিশোর সিনেমা। রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। বেশির ভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে। এখন চলছে সম্পাদনার কাজ। নিশো ছাড়া এতে আরও আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ।

শাকিব ও নিশোর সঙ্গে পাল্লা দিতে ঈদে আসছেন সিয়াম। তাঁর সিনেমার নাম ‘রাক্ষস’। বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা। এতে সিয়ামের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হয়েছে শুটিং। এখনো বাকি আছে দুটি গানের শুটিং।

‘উৎসব’-এর পর এবার ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা তানিম নূর। এটি তৈরি হচ্ছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরিফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং, এখন চলছে পোস্ট প্রোডাকশন।

গত বছর রোজার ঈদে মুক্তির কথা ছিল আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এরপর কোরবানির ঈদ, দুর্গাপূজা—নানা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করেও হল পর্যন্ত পৌঁছাতে পারেনি পিনিক। এবার ঈদেও সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল।

ঈদের মুক্তির দৌড়ে আছে সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের বনলতা সেনকে ঘিরে সিনেমাটি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আরও আছেন খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

মুক্তির তালিকায় আছে রাশিদ পলাশের ‘রঙবাজার’। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প। অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকী, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ প্রমুখ।

ঈদে মুক্তির তালিকায় আরও শোনা যাচ্ছে ‘ট্রাইব্যুনাল’, ‘হাঙর’ ও ‘মালিক’ সিনেমার নাম। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। নির্মাতা রায়হান খান সিনেমাটি মুক্তি দিতে চান এই ঈদে। এতে অভিনয় করেছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।

উপকূলের মানুষের জীবনের গল্প নিয়ে হাঙর নামের সিনেমা বানিয়েছেন তন্ময় সূর্য। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। আরও আছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ।

আরিফিন শুভকে নিয়ে সাইফ চন্দন বানিয়েছেন মালিক। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে শুভর সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম। এ সিনেমা দিয়ে সাত বছর পর আবার জুটি বেঁধেছেন তাঁরা।

আবদুন নূর সজল ও অপু বিশ্বাসকে নিয়ে কামরুল হাসান ফুয়াদ বানিয়েছেন ‘দুর্বার’। থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানায় তৈরি সিনেমাটির শুটিং শেষে এখন চলছে সম্পাদনার কাজ।

ঈদের আরেক সিনেমা ‘কাট পিস’ নির্মিত হয়েছে পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে। বানিয়েছেন ইফফাত জাহান মম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা।

মুক্তির তালিকায় আছে পরীমণি, মাহি ও ববির সিনেমাও। পরীর ‘ডোডোর গল্প’ বানিয়েছেন রেজা ঘটক। সরকারি অনুদানের এ সিনেমায় পরীকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে।

ববি অভিনয় করছেন ‘তছনছ’ সিনেমায়। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার নায়ক মুন্না খান। এই নির্মাতার আরও এক সিনেমার মুক্তির কথা শোনা যাচ্ছে। মাহি অভিনীত সিনেমাটির নাম ‘অফিসার’।

এ ছাড়া আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বছরের প্রথম থেকেই ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমার। অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, ফজলুর রহমান বাবু প্রমুখ। তবে হল সংকটের এই সময়ে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, সেটাই দেখার বিষয়।

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au