অস্ট্রেলিয়া

সাউথ অস্ট্রেলিয়ায় নির্বাচনী কাউন্টডাউন শুরু, ২৮ দিনের প্রচারে সরব দলগুলো

  • 10:49 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:২৬৪ বার
লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড হ্যারিস (ডানে) সরকারি ভবনে রিটগুলি জারি করেছিলেন। ছবিঃ ফেসবুক

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- সাউথ অস্ট্রেলিয়ায় স্টেট নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়েছে। গভর্নমেন্ট হাউসে লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড হ্যারিস নির্বাচনী রিট জারি করার মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে ২৮ দিনের প্রচারকাল। আগামী ২১ মার্চ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিট জারির সঙ্গে সঙ্গে দক্ষিণ অস্ট্রেলিয়ার ৫৫তম পার্লামেন্টের কার্যক্রম শেষ হয়েছে এবং রাজ্য সরকার কেয়ারটেকার বা অন্তর্বর্তী অবস্থায় গেছে। এ সময় দৈনন্দিন প্রশাসনিক কাজ চললেও নতুন সরকারের ওপর প্রভাব ফেলতে পারে এমন বড় নীতিগত সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ নিয়োগ বা বড় চুক্তি করা থেকে বিরত থাকার বিধান রয়েছে।

প্রচারের প্রথম দিনেই দুই প্রধান দল নিজেদের অগ্রাধিকার ইস্যু সামনে আনে। ক্ষমতাসীন লেবার পার্টি জোর দিচ্ছে আবাসন খাতে, আর লিবারেল পার্টি গুরুত্ব দিচ্ছে আঞ্চলিক স্বাস্থ্যসেবায়।

প্রিমিয়ার পিটার মালিনাউস্কাস, যিনি আগের নির্বাচনে হাসপাতালের ‘র‌্যাম্পিং সংকট’ সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জয় পেয়েছিলেন, প্রচারের প্রথম দিন গভর্নমেন্ট হাউস থেকে ট্রামে করে যান সাবেক ওয়েস্ট এন্ড ব্রুয়ারি এলাকার প্রকল্পস্থলে। সেখানে তিনি জানান, কেয়ারটেকার পর্ব শুরুর আগে কমার্শিয়াল অ্যান্ড জেনারেল নামের একটি সম্পত্তি উন্নয়ন প্রতিষ্ঠানকে সাউথওয়ার্ক এলাকায় ১ হাজার নতুন বাড়ি নির্মাণের মাস্টার ডেভেলপার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার শুধু বিচ্ছিন্নভাবে কিছু আবাসন নয়, পুরো রাজ্যজুড়ে পরিকল্পিতভাবে আবাসন উন্নয়ন করতে চায়। শহরের ভেতরে বহুতল উন্নয়ন এবং শহরতলিতে সম্প্রসারণ—দুই দিকেই কাজ হবে। লক্ষ্য হচ্ছে দ্রুত সময়ে আরও বেশি তরুণের জন্য বাসস্থানের সুযোগ তৈরি করা।

প্রচারের ২৮ দিন নিয়ে তিনি বলেন, ভোটারদের রায়ই শেষ কথা- এ কারণে কিছুটা উদ্বেগ থাকলেও নিজের পরিকল্পনা নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার লিবারেল নেতা অ্যাশটন হার্ন সকালে গুলওয়া এলাকায় যান এবং আঞ্চলিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তিনি পেশেন্ট অ্যাসিস্ট্যান্স ট্রান্সপোর্ট স্কিম পুনর্গঠনের ঘোষণা দেন। এই স্কিমের মাধ্যমে গ্রামাঞ্চলের রোগীরা শহরে চিকিৎসা নিতে গেলে যাতায়াত ব্যয়ের ভর্তুকি পান।

হার্ন বলেন, বর্তমানে আবাসন ভাতা যেখানে প্রতি রাতে ৪৪ ডলার, তা বাড়িয়ে ১১০ ডলার করা হবে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা সমন্বয় করা হবে। তার ভাষায়, এতে আঞ্চলিক মানুষের আর্থিক চাপ কমবে এবং চিকিৎসা নিতে গিয়ে যে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হয়, তা লাঘব হবে।

এদিকে সাম্প্রতিক দুইটি জনমত জরিপে দেখা গেছে, লিবারেল পার্টি সমর্থনে ওয়ান নেশনের পেছনে চলে গেছে। একটি জরিপে লেবার পেয়েছে ৪৪ শতাংশ সমর্থন, ওয়ান নেশন ২৪ শতাংশ এবং লিবারেল ১৪ শতাংশ। আরেকটি জরিপে লেবার ৩৭ শতাংশ, ওয়ান নেশন ২২ শতাংশ এবং লিবারেল ২০ শতাংশ সমর্থন পেয়েছে। উভয় জরিপেই নমুনা ছিল এক হাজারের বেশি ভোটার এবং ত্রুটির সীমা প্রায় ৩ শতাংশ।

ওয়ান নেশনের প্রধান প্রার্থী কোরি বার্নার্ডি বলেন, তারা শুধু বিরোধী কণ্ঠস্বর হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেনি, তবে ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। তার দাবি, সরকার ও বিরোধী, দুই পক্ষ নিয়েই জনঅসন্তোষ রয়েছে, যা জরিপে প্রতিফলিত হচ্ছে।

যদিও প্রিমিয়ার ও বিরোধীদলীয় নেতা দুজনই বলেছেন, তারা জরিপের ফল নিয়ে মাথা ঘামাচ্ছেন না।

দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টিও দুই জরিপে ১২ থেকে ১৩ শতাংশ সমর্থন পেয়েছে। অ্যাডিলেডের নরউডে এক অনুষ্ঠানে দলটির নেতা রবার্ট সিমস বলেন, তাদের দল শক্ত ফলাফলের পথে রয়েছে। ওয়ান নেশন সম্পর্কে তিনি মন্তব্য করেন, তারা বেশি প্রচার পাচ্ছে, কিন্তু সুসংহত নীতির ঘাটতি রয়েছে।

সব মিলিয়ে, দক্ষিণ অস্ট্রেলিয়ায় এবারের নির্বাচন শুধু লেবার ও লিবারেলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। ওয়ান নেশন ও গ্রিনসের বাড়তি উপস্থিতি ভোটের সমীকরণ জটিল করে তুলেছে। আগামী চার সপ্তাহে আবাসন, স্বাস্থ্য ও আঞ্চলিক উন্নয়ন, এই ইস্যুগুলোই নির্বাচনী বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকার আভাস মিলছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au