নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দু'পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ছবি-সংগৃহীত
মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে মৃতদের মধ্যে একজন বাবা ও তাঁর ছেলে রয়েছেন।
পুলিশ জানায়, সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জল শেখের লোকজনের ওপর হামলা চালায়। প্রথম সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরবর্তীতে উজ্জল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালান খায়রুজ্জাম্লার পক্ষের লোকজনের ওপর। এতে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। ফলে মোট চারজনের প্রাণহানি ঘটে। আহতরা বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের পেছনের মূল কারণ হিসেবে স্থানীয় প্রশাসন দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিরোধকে চিহ্নিত করেছে। পুলিশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বজায় রেখেছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।
স্থানীয়রা বলছেন, ছোট-বড় সংঘাত ও আধিপত্যের লড়াই নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। এই ঘটনায় এলাকার মানুষ গভীর শঙ্কায় রয়েছে, আবার নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।