3. Hot News

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত হবে

  • 2:44 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:৩৫৮ বার
পুলিশ হত্যারও তদন্ত হবে, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি-  ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও সদস্যদের হত্যার ঘটনায় অবশেষে পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ঘটনার তদন্তে সবুজ সংকেত দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরেও এ বিষয়ে বিশেষ বার্তা পৌঁছেছে।

আন্দোলনের সময় পুলিশের ৪৪ সদস্য নিহত হয়েছেন বলে আগে জানিয়েছিল পুলিশ সদর দপ্তর। তবে পুলিশের একটি অংশের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ ঘটনায় দেড় বছরেও কার্যকর তদন্ত না হওয়ায় সরকারের শীর্ষ পর্যায়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে বলে সূত্র জানায়।

পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যার ঘটনায় এখন পর্যন্ত মাত্র পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশের কোনো কোনো কর্মকর্তা এ বিষয়ে উদ্যোগ নিলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা মেলেনি বলে অভিযোগ রয়েছে। তবে বিভিন্ন ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করে রেখেছে।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করা হবে। পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগে তদন্ত ও মামলা প্রক্রিয়া এগোয়নি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

কারাগারে হামলা ও বন্দি ছিনতাইয়ের ঘটনাও তদন্তের আওতায় আনা হচ্ছে। পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে বিশেষ অভিযান চালানো হতে পারে। আন্তর্জাতিক সহায়তা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। ছাত্র-জনতা হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশের অভ্যন্তরে ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্দোলনের আগে ও পরে থানা, ফাঁড়ি ও অন্যান্য স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করা হয়, বহু স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার হয়নি। অধিকাংশ ঘটনায় মামলা হয়নি, তদন্তও শুরু হয়নি।

পুলিশ সূত্র জানায়, তদন্ত ঘিরে দফায় দফায় বৈঠক হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার ভেতর-বাইরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু দুর্বৃত্তকে চিহ্নিত করার কাজ চলছে। ঢাকার যাত্রাবাড়ী থানায় তিনটি এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। অধিকাংশ আসামিই অজ্ঞাতনামা।

এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দ্রুত আরও মামলা হবে। অপরাধমূলক ঘটনা তামাদি হয় না। জড়িতদের শনাক্তে একাধিক দল কাজ শুরু করেছে।

হামলার ব্যাপকতা ছিল উদ্বেগজনক। ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানার মধ্যে ২১টি থানাসহ মোট ২১৬টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৩টি থানা পুড়ে যায়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্য নিহত হন। বহু টহল গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। থানায় হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়।

পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানান, আনুষ্ঠানিক তদন্ত শুরুর আগে থেকেই ছায়াতদন্ত চলছিল। সিসি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে শিক্ষার্থী ও নিরীহ নাগরিকদের হত্যার মামলাও তদন্তাধীন রয়েছে।

এদিকে আন্দোলন দমনে গুলি চালানো ও সহিংসতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরসহ রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের বহু ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। দুই হাজারের বেশি মামলায় ৬১২টির মতো হত্যা মামলা রয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ৬৮টি আলোচিত মামলা তদন্ত করছে। অপরাধ তদন্ত বিভাগ ও অন্যান্য ইউনিটও বিভিন্ন মামলার অনুসন্ধানে রয়েছে। তদন্তকারীরা বলছেন, অনেক ক্ষেত্রে এজাহারের বর্ণনার সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।

সিআইডির এক কর্মকর্তা জানান, কল রেকর্ড সংগ্রহ, দায়িত্ব পালনের নথি যাচাই এবং বিভিন্ন স্থানের সিসি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজ ও সংবাদপত্রে প্রকাশিত ছবি সংগ্রহ করে যাচাই চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের নির্দেশনার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনা এবং আন্দোলনের সময় সহিংসতার অভিযোগ—উভয় ক্ষেত্রেই তদন্তের গতি বাড়তে পারে। আইনশৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: দেশ রূপান্তর

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au