বিশ্ব

ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, ২৪ শিশু শিক্ষার্থী নিহত

আহত হয়েছে অন্তত ৬০

  • 10:50 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলা, ২৪ শিশু শিক্ষার্থী নিহত। ফাইল ছবি

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পরপরই প্রথমে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ায়। আহত হয়েছে অন্তত ৬০ জন।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিদ্যালয় ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের অধিকাংশই অল্পবয়সী ছাত্রী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও যুক্তরাষ্ট্রের যৌথ অংশগ্রহণের কথাও উল্লেখ করেছে তেহরান। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পর রাজধানী তেহরানেও একাধিকবার আঘাত হানা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের সম্ভব হলে সাময়িকভাবে রাজধানী ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এক বিবৃতিতে তারা নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

এই হামলার জবাবে ইরান কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, শত্রুপক্ষকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত অভিযান চলবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ও জর্ডানের কিছু স্থাপনাতেও হামলার দাবি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়েও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। আবুধাবিতে একজন নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। আমিরাত সরকার নিশ্চিত করেছে যে ইরান তাদের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, একের পর এক হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহল থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দেয়নি।

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au