বিশ্ব

ফের পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান-ইসরায়েল, ইরানে প্রাণহানি বেড়ে দুই শতাধিক

  • 5:22 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ফের পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান-ইসরায়েল, ইরানে প্রাণহানি বেড়ে দুই শতাধিক। ফাইল ছবি

মেলবোর্ন, ১ মার্চ- ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সময়ে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে, ইরানে প্রাণহানির সংখ্যা দুই’শ ছাড়িয়েছে।

বিবিসি জানায়, ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন যে, আজকের হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে। খালেদি আরও বলেন, ৭৪৭ জন আহত হয়েছে এবং ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশ হামলার শিকার হয়েছে। তিনি জানান, হামলার স্থানগুলোতে ২২০টির বেশি রেড ক্রিসেন্ট দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী নতুন দফায় ইরানের মধ্যাঞ্চলে হামলা শুরু করেছে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান বাহিনী ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় আঘাত হানছে, যাতে ভবিষ্যৎ হামলার সক্ষমতা দুর্বল করা যায়।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা। ছবিঃ সংগৃহীত

পরিস্থিতির অবনতি ঘটায় শনিবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাজ্যের সময় রাত ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

চীনও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেইজিং বলেছে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে।

এদিকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। আল জাজিরা জানিয়েছে, দোহায় নতুন করে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, সেসব দেশকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

বাহরাইনের রাজধানী মানায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাম জুমেইরাহ এলাকায় অবস্থিত বিলাসবহুল ফেয়ারমন্ট দ্য পাম হোটেলে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, একটি ভবনে বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই প্রতিহত করেছে। তবে দেশটি এই হামলাকে ইরানের ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে ইরানের প্রভাবশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। তাদের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী কৌশলগত এই পানিপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে বার্তা পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও জানিয়েছে, জাহাজগুলো এমন সতর্কবার্তা পেয়েছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের বড় অংশ এই রুট দিয়ে যায়।

বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ছবিঃ রয়টার্স

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইআরজিসি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে। সেখানে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। এর আগে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ৫১ জনের মৃত্যু ও ৬০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছিল। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ এখনও চলছে।

ক্রমাগত হামলা ও পাল্টা হামলায় ইরানজুড়ে সামরিক ও বেসামরিক উভয় খাতে প্রাণহানি বাড়ছে। বিভিন্ন সূত্র বলছে, দেশটিতে মোট নিহতের সংখ্যা ইতোমধ্যে দুই শতাধিক ছাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াচ্ছে। একদিকে ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের কথা বলছে, অন্যদিকে ইরান হুমকি দিচ্ছে যুদ্ধ চলবে যতক্ষণ না শত্রুপক্ষকে পরাস্ত করা যায়। আন্তর্জাতিক মহল থেকে সংযমের আহ্বান এলেও এখন পর্যন্ত সংঘাত থামার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

সূত্রঃ আল-জাজিরা, বিবিসি

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au