বিশ্ব

ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের, চাইলেন ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তিনি বর্তমানে তেমন উদ্বিগ্ন নন

  • 3:02 am - March 07, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ মার্চ- ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে এসে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানে সামরিক অভিযান কতদিন চলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই; যত সময়ই লাগুক না কেন, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেই এই অভিযান শেষ করতে চায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের পরদিন ১ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, চার সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্তও চলতে পারে।

এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার আগের বক্তব্য থেকে সরে এসে বলেন, ইরানে অভিযান শেষ করার জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়া। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য।

ইরানে সামরিক অভিযানের ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো ধরনের হামলার আশঙ্কা রয়েছে কি না এবং সাধারণ মার্কিন নাগরিকদের উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছুটা উদ্বেগের কারণ থাকতে পারে। তবে তিনি মনে করেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মার্কিন জনগণ সব সময়ই কিছু না কিছু উদ্বেগের মধ্যে থাকে।

চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ একটি কঠিন বাস্তবতা এবং যুদ্ধে প্রাণহানি ঘটবে এটাই স্বাভাবিক। তার ভাষায়, কেউ যখন যুদ্ধে যায় তখন কিছু মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রভাব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। গত ছয় দিনে দেশটিতে জ্বালানি গ্যাসের দাম প্রায় সাত শতাংশ বেড়েছে এবং অদূর ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তিনি বর্তমানে তেমন উদ্বিগ্ন নন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম আবার দ্রুত কমে আসবে। তাই এই মুহূর্তে গ্যাসের দাম বাড়া তার কাছে বড় বিষয় নয়; ইরানে চলমান যুদ্ধ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে ভূগর্ভস্থ বিপুল পরিমাণ জরুরি তেলের মজুত রয়েছে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত তেলভান্ডার হিসেবে পরিচিত। তবে ট্রাম্প জানিয়েছেন, আপাতত এই তেলের মজুত ব্যবহার করার পরিকল্পনা তার নেই।

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রধান কারণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়া। তার দাবি, এই পথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলেই বিশ্ববাজারে জ্বালানির দাম আবার স্থিতিশীল হয়ে যাবে। ট্রাম্প আরও মন্তব্য করেন, খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীকে পরাস্ত করবে এবং তখন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েলও ইরানে অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।

গত সাত দিন ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

এদিকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চুক্তি নয়, বরং তাদের নিঃশর্ত আত্মসমর্পণই একমাত্র সমাধান।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানে এমন একটি নতুন নেতৃত্ব প্রয়োজন যাকে যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য মনে করে। তার মতে, বর্তমান নেতৃত্ব ক্ষমতা থেকে সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সহায়তা করতে পারে।

একই সঙ্গে তিনি ইরানের সামরিক বাহিনী, পুলিশ এবং বিশেষ বাহিনী আইআরজিসির সদস্যদের অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, তারা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হতে পারে; অন্যথায় তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং পরিস্থিতি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

সূত্রঃ সিএনএন,  আল জাজিরা

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au