বাংলাদেশ

ইরানযুদ্ধে জ্বালানি সংকট

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

  • 4:23 pm - March 07, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
হরমুজ প্রণালি বন্ধে বাংলাদেশের জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, ঝুঁকিতে জ্বালানি নিরাপত্তা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার অন্যতম। এই যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই সংকট সমাধানের পথ খুঁজে না পেয়ে জ্বালানি রেশনিংয়ের পথে হাঁটছে সরকার। আগামীকাল কেউ ইচ্ছা মতো জ্বালানি তেল কিনতে পারবে না।

কিন্তু এতে কি সমাধান হবে? বিশ্লষকরা বলছেন, সমাধান হবে না। বরং আরও সমস্যা বাড়বে। পরিবহন খরচ বাড়ার সাথে সাথে বাজারে তার প্রভাব পড়বে। বলতে গেলে সব কিছুরই দাম বেড়ে যাবে। এছাড়াও সেচ মৌসুমে জ্বালানির এই সংকট আরও বিপদে ফেলেছে সরকারকে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। দ্রুত যুদ্ধ শেষ না হলে আগামী ১৫ দিন পর জ্বালানির জন্য চারিদিকে হাহাকার পড়ে যাবে।

এলএনজি সংকট আরও তীব্র
এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সংকট আরও তীব্র হয়েছে। পুরোপুরি আমদানি নির্ভর এই খাতে এরই মধ্যে দ্বিগুণ দামে স্পষ্ট মার্কেট থেকে কিছু পরিমাণ কিনতে বাধ্য হয়েছে সরকার। দুই কার্গো এলএনজি কিনতে সরকারের খরচ হচ্ছে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা। যা এক মাস আগেও কেনা হয়েছে এক হাজার ১০০ কোটি টাকায়।

পেট্রোবাংলার বলছে, মার্চ মাসে এলএনজি নিয়ে আসার জন্য নির্ধারিত ৯টি কার্গোর মধ্যে চারটি ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ১৫ ও ১৮ মার্চ আসার কথা থাকলেও দুটি জাহাজ এখনও আটকে আছে। এ জন্য স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে মঙ্গল ও বুধবার দুই দফা দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো দরদাতা অংশ নেননি। পরে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে সরাসরি আলোচনার মাধ্যমে দুই জাহাজ এলএনজি কেনার বিষয়টি চূড়ান্ত করে।

যানবাহনের জ্বালানি রেশনিং
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। এর বেশি কোনোভাবেই পেট্রল বা অকটেন নিতে পারবে না। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।

জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কোথাও কোথাও হাতাহাতি। ছবিঃ প্রথম আলো

বিদ্যুতেও সংকটের ছোঁয়া
আগে থেকেই বিদ্যুত খাতে ঘাটতি ছিল। ইরানযুদ্ধের  কারণে নতুন করে তা আরও বেড়েছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বিদ্যুত সাশ্রয়ে জনগণকে আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এক নির্দেশনাপত্র জারি করে ১১ দফা নির্দেশনা দিয়েছে। এরমধ্যে আলোকসজ্জা পরিহার, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এয়ার কন্ডিশনার) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে।

সার কারখানা বন্ধ
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দুটি সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনায় গত বুধবার বিকেল ৩টা থেকে চিটাগাং ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী সার কারখানার (কাফকো) উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

সিইউএফএল স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় এক হাজার ৭২৫ টন ইউরিয়া ও প্রায় এক হাজার ৫০০ টন অ্যামোনিয়া।

দুই হাজার ৮৪০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নরসিংদীর ঘোড়াশাল পলাশ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার বিকেল থেকে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান প্রতিষ্ঠানের মহাব্যাবস্থাপক (প্রশাসন) ফখরুল আলম।
তিন সার কারখানা বন্ধ হওয়ায় ১৬ কোটি ঘনফুট গ্যাস সাশ্রয় হচ্ছে। তবে বোরো মৌসুমে সার সংকট হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলপিজির দাম আরও বেড়েছে
ভোক্তা পর্যায়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ থাকলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গত বছরের ডিসেম্বর থেকে বরং পরিস্থিতি অনেক ক্ষেত্রে অরাজকতায় রূপ নিয়েছে। সরকারি হিসাবে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম প্রায় এক হাজার ৩০০ টাকা হলেও বাজারে অনেক জায়গায় তা দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এক বৈঠকে এলপিজির দাম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

আমদানিকারকরা জাহাজ ভাড়া বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন, বর্তমানে টনপ্রতি ১৬০ ডলারেও জাহাজ পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে ২০০ ডলার পর্যন্ত দর হাঁকা হচ্ছে। সরকারিভাবে আগে ফ্রেইট চার্জ টনপ্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ১২১ ডলার করা হলেও ব্যবসায়ীরা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

গত মাসে দেড় লাখ টন এলপিজি আমদানি হয়েছে, তাই চলতি মাসে সংকটের আশঙ্কা নেই। তবে এক ব্যবসায়ী জানিয়েছেন, আমদানি হলেও বৈশ্বিক সংকটে দাম বাড়তে পারে– এমন মনে করে কোনো কোনো ব্যবসায়ী গ্যাস মজুত রাখতে পারেন। এমনটি হলে বাজারে সংকট বাড়বে।

পরীবাগ স্টেশনে জ্বালানি তেলের লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেলচালকদের হাতাহাতি। ছবিঃ সংগৃহীত

বিশেষজ্ঞরা কী বলছেন
এমন সংকটে জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানির ওপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে মধ্যপ্রাচ্য ছাড়া অন্য কোনো উৎস থেকে জ্বালানি আমদানির সুপারশি করছেন তারা। তবে সেই সুযোগও কম উল্লেখ করে শঙ্কার কথা জানিয়েছেন। তাদের বক্তব্য, দ্রুত যুদ্ধ না থামলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।

এই শাখার আরও খবর

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

ইউক্রেন যুদ্ধের ময়দানে সশস্ত্র রোবট, প্রযুক্তিনির্ভর লড়াইয়ে নতুন অধ্যায়

মেলবোর্ন, ৭ মার্চ- রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের যুদ্ধ ধীরে ধীরে এক উচ্চপ্রযুক্তিনির্ভর সংঘাতে রূপ নিয়েছে। আকাশজুড়ে গুপ্তচর ও হামলাকারী ড্রোনের ঝাঁক নিয়মিত উড়তে…

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হতে পারে আজ রাতেই

মেলবোর্ন,৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির মুক্তি ও স্বাধীনতার অমর দিকনির্দেশনা

মেলবোর্ন ৭ মার্চ: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি এক অনন্য, অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই…

ট্রাম্পের যুদ্ধ, বদলে যাচ্ছে উপসাগরীয় অঞ্চল ও বিশ্বের সম্পর্কের মানচিত্র

মেলবোর্ন ৭ মার্চ: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক সামরিক সংকট নয়; এটি ধীরে ধীরে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা কাঠামোর ওপর গভীর প্রভাব…

যুক্তরাজ্যে যাচ্ছে মার্কিন স্টেলথ বোমারু বিমান

মেলবোর্ন ৭ মার্চ: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান যুক্তরাজ্যের দিকে রওনা হয়েছে বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au