মেলবোর্ন, ১০ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক নজরদারি জোরদার করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা উপসাগরীয় ১২টি দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে সেখানে উন্নত সামরিক নজরদারি বিমান ‘ই–৭এ ওয়েজটেইল’ মোতায়েন করা হবে। এর পাশাপাশি আমিরাতকে আধুনিক মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, এই মোতায়েন কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। বরং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করাই এর উদ্দেশ্য।
তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে অস্ট্রেলিয়া। এই উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য হুমকি মোকাবিলায় আগাম সতর্কতা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান