বাংলাদেশ

সন্ত্রাস, দখল আর দুর্বল প্রশাসন

পাহাড় কেটে গড়ে ওঠা দখল সাম্রাজ্য, যেভাবে ‘ভয়ংকর’ হয়ে উঠল জঙ্গল সলিমপুর

  • 5:34 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ,মার্চ- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই একটি বিতর্কিত ও আলোচিত এলাকা। নামের সঙ্গে ‘জঙ্গল’ শব্দটি থাকলেও একসময়কার সবুজ পাহাড়ি এলাকা এখন দ্রুত বদলে গেছে। অবাধ পাহাড় কাটা, প্লট বাণিজ্য, দখলদারি এবং সশস্ত্র সন্ত্রাসী তৎপরতার কারণে এলাকাটি ধীরে ধীরে ভয়ংকর রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে অচিরেই পুরো এলাকা পাহাড়শূন্য হয়ে পড়তে পারে।

জঙ্গল সলিমপুর মূলত দুটি ভাগে বিভক্ত। একটি অংশ ছিন্নমূল এলাকা, অন্যটি আলীনগর নামে পরিচিত। এই দুই অংশেই দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও ছোট-বড় বিপণিবিতান। পাহাড় কেটে এখনো চলছে জমির প্লট তৈরি ও বিক্রি। এই প্লট বাণিজ্যকে কেন্দ্র করে এলাকাটিতে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। এসব বাহিনী পাহাড় কাটা ও জমি দখলের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং বাইরের মানুষের প্রবেশ অনেক ক্ষেত্রে সীমিত করে রেখেছে।

জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। ছবিঃ সংগৃহীত

এলাকাটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেখানে অভিযান চালাতে গিয়ে বিভিন্ন সময় বাধার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি অভিযানে গিয়ে র‌্যাবের এক সদস্যকে স্থানীয় সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে। এই ঘটনার পর থেকে বাইরের মানুষের কাছে জঙ্গল সলিমপুর আরও ভয়ংকর এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবার সেখানে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে এবং এই অবস্থা চলতে থাকলে পুরো এলাকা দ্রুত পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে।

ভৌগোলিকভাবে জঙ্গল সলিমপুরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে প্রায় ৩ হাজার ১০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই এলাকা। প্রশাসনিকভাবে এটি সীতাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হলেও বাস্তবে এটি অনেকটাই নগরের ভেতরের অংশের মতো। এর পূর্বদিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা এলাকা।

জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতি স্থাপনের সূচনা হয় নব্বইয়ের দশকে। সে সময় সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আক্কাস প্রথম পাহাড় কেটে সেখানে বসতি স্থাপন শুরু করেন। পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সেখানে খুবই সীমিত ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আক্কাস নিজস্ব বাহিনী গড়ে তোলেন এবং নিম্ন আয়ের মানুষের কাছে পাহাড়ি খাসজমি বিক্রি শুরু করেন। এর মাধ্যমে এলাকায় দ্রুত বসতি গড়ে ওঠে।

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান। ছবিঃ সংগৃহীত

পরে জমি দখল ও প্লট বিক্রির টাকা নিয়ে আক্কাসের বাহিনীর মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়। এরই মধ্যে এক অভিযানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলী আক্কাস নিহত হন। এরপর তাঁর সহযোগীরা আলাদা আলাদা দল গঠন করে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার শুরু করেন। কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গফুর মেম্বার ও গাজী সাদেক নিজ নিজ বাহিনী নিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেন।

পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাবও এই এলাকায় বিস্তার লাভ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন মিয়া সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে ইয়াসিন আলীনগর বহুমুখী সমিতির নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের নেতৃত্বে রয়েছেন কাজী মশিউর রহমান ও গাজী সাদেক। যারা প্লট কিনে সেখানে বসতি গড়েছেন, তারাই এই দুই সংগঠনের সদস্য। বর্তমানে দুই সংগঠনে মিলিয়ে প্রায় ৩০ হাজার সদস্য রয়েছে বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে দেখা গেছে, বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক দিয়ে জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে হয়। এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীত পাশে একটি সড়ক ধরে এগোলেই শুরু হয় পাহাড়ি এলাকা। সড়কের দুই পাশে বিশাল পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। পাহাড়ের পাদদেশে এবং ঢালে তৈরি হয়েছে অসংখ্য বাড়িঘর। কোথাও টিনের ঘর, কোথাও পাকা ভবন। আবার অনেক জায়গায় ইটের দেয়াল তুলে প্লট তৈরি করে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এলাকার ভেতরে রয়েছে নুরুন্নবী শাহ (র.)–এর মাজার, এস এম পাইলট উচ্চবিদ্যালয়, ছোট-বড় মার্কেট এবং বিভিন্ন দোকানপাট। অভিযানের দিন কিছু দোকান বন্ধ থাকলেও বেশির ভাগই খোলা ছিল এবং লোকজনের উপস্থিতিও দেখা গেছে। বিদ্যালয়ের সামনে একটি মোড় থেকে তিন দিকে তিনটি রাস্তা গেছে। একটি রাস্তা আলীনগরের দিকে, অন্য দুটি বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে।

এই এলাকার বিভিন্ন অংশের মধ্যে রয়েছে কাঁঠালতলা, লটকাটুলি, রীনার ঘোনা, লোহার ব্রিজ, পাথরীঘোনা, লোকমানের খামার এবং খেজুরতলা। প্রায় প্রতিটি এলাকাই পাহাড়বেষ্টিত এবং অধিকাংশ পাহাড়ের গাছপালা কেটে ফেলা হয়েছে। কোথাও কোথাও পাহাড়ের ঢালে ইটের দেয়াল তুলে প্লট তৈরি করা হয়েছে। কিছু জায়গায় নতুন করে পাহাড় কাটার কাজও চলছে।

এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয় এবং তার কিছু দূরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জঙ্গল সলিমপুর শাখার কার্যালয় রয়েছে। গত ১৯ জানুয়ারি অভিযানের সময় এই কার্যালয়ের পাশেই র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় আরও চারজন র‌্যাব সদস্য আহত হন।

আলীনগর এলাকায় প্রবেশের আগে একটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। অতীতে সেখানে সশস্ত্র পাহারা থাকলেও অভিযানের দিন তা দেখা যায়নি। স্থানীয়রা জানান, ইয়াসিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই এলাকায় বাইরের মানুষের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। কোনো বহিরাগত প্রবেশ করতে চাইলে আগে নিজের পরিচয় দিতে হয় এবং অনুমতি নিতে হয়। এমনকি বাসিন্দাদের আত্মীয়স্বজন এলে তারাও মূল ফটকে এসে অতিথিদের ভেতরে নিয়ে যান।

আলীনগর এলাকায় তিনটি মার্কেট রয়েছে। এর পেছনের পাহাড়ের পাদদেশে কাঁচা ও পাকা ঘরবাড়ি দেখা গেছে। কোথাও ইটের দেয়ালঘেরা খালি প্লট পড়ে আছে। আবার কোথাও নতুন ঘরবাড়ি নির্মাণের কাজ চলছে। পাহাড়ের পাদদেশের কাছে বড় বড় পাহাড় রয়েছে, যেগুলোর বেশির ভাগ অংশই ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে।

যৌথ অভিযানে থাকা পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, অভিযানের সময় বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। ছিন্নমূল এলাকা পেরিয়ে আলীনগরে ঢোকার পথে একটি ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। পরে সেটি সরিয়ে বাহিনী সামনে এগোয়। কিছু দূর যাওয়ার পর দেখা যায় রাতের আঁধারে একটি কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। পরে ইট-বালু দিয়ে সেটি ভরাট করে বাহিনীর গাড়ি ভেতরে প্রবেশ করে।

যৌথ বাহিনীর অভিযানে গ্রপ্তার কয়েকজন। ছবিঃ সংগৃহীত

এলাকার ভেতরে আরও এগোলে একটি আবাসিক এলাকা দেখা যায় যেখানে ইট বিছানো প্রশস্ত সড়ক রয়েছে। দুই পাশে পাকা বাড়িঘর ও ইটের দেয়ালঘেরা প্লট রয়েছে। সেখানে বৈদ্যুতিক খুঁটি ও সংযোগও রয়েছে। প্রায় আধা কিলোমিটার দূরে আলীনগর উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের কাছে একটি বড় লোহার গেট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পাশে রয়েছে অন্ধ কলোনি ও বনশ্রী এলাকা। এই এলাকায় দোকানপাট এবং দ্বিতীয় তলার মার্কেটও দেখা গেছে।

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কম দামে জমি পাওয়ায় অনেকেই এখানে প্লট কিনে বসতি গড়েছেন। বহু বছর ধরে সেখানে বসবাস করছেন তারা। তবে কেউ উচ্ছেদ হলে যেন সরকার তাদের বিকল্প বসতির ব্যবস্থা করে, সেই দাবি জানিয়েছেন তারা।

প্রায় ৩ হাজার ১০০ একর বিস্তৃত এই পাহাড়ি এলাকায় এখন সড়কের আশপাশের প্রায় সব পাহাড়ই ন্যাড়া হয়ে গেছে। যেগুলো এখনও রয়েছে, সেগুলোও ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে।

২০২২ সালের ২৩ জুন তৎকালীন জেলা প্রশাসক জঙ্গল সলিমপুর এলাকাকে ১১টি ভাগে ভাগ করে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর মধ্যে ছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার-২, মডেল মসজিদ এবং নভোথিয়েটার নির্মাণের পরিকল্পনা। বন্দী ধারণক্ষমতার তিন গুণের বেশি হওয়ায় নতুন কারাগার তৈরির জন্য সলিমপুরে ৫০ একর জায়গা নির্ধারণও করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, এসব জমি দখল হয়ে থাকায় তা উদ্ধার না করা পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

অভিযান শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, প্রশাসনের নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, এলাকায় প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে এবং সরকার যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি জমি যাতে আর কোনো অবস্থাতেই বেহাত না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা: সিপিডি

মেলবোর্ন, ১০ মার্চ- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা কমতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণা…

জীবন বাঁচল, জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

মেলবোর্ন, ১০ মার্চ- নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছর বয়সী এক শিশু মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই…

ইরানি নারী ফুটবল দলকে ঘিরে গোল্ড কোস্টে উত্তেজনা

মেলবোর্ন, ১০ মার্চ: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থানরত ইরানের নারী ফুটবল দলকে ঘিরে মঙ্গলবার বিকেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দলটিকে বহনকারী একটি বাসকে থামানোর চেষ্টা…

ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মেলবোর্ন, ১০ মার্চ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জনের বিরুদ্ধে…

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতে ইসলামীর আমির

মেলবোর্ন, ১০ মার্চ-  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব…

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ১০ মার্চ- ঢাকা ওয়াসার সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au