বাংলাদেশ

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে উত্তাপের আভাস

  • 4:01 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
জাতীয় সংসদ ভবন।

মেলবোর্ন, ১২ মার্চ- নির্বাচনের এক মাসের মধ্যে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণকে কেন্দ্র করে অধিবেশনে উত্তাপ ছড়ানোর আভাস মিলছে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১২ মার্চ এই অধিবেশন আহ্বান করেন। সেই অনুযায়ী আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন।

১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম স্পিকারের পদ শূন্য রেখে নতুন সংসদের অধিবেশন শুরু হচ্ছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে প্রতিবারই বিদায়ী সংসদের স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন।

তবে এবার ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। ফলে নতুন স্পিকার নির্বাচনের আগে প্রারম্ভিক বৈঠকে কে সভাপতিত্ব করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।

জানা গেছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। তাঁর সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে মতবিরোধ

নতুন সংসদের প্রথম অধিবেশনের অন্যতম আলোচিত বিষয় হতে যাচ্ছে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। গতকাল বুধবার সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলাদা বৈঠকে নিজেদের অবস্থান নির্ধারণ করেন।

সংসদ নেতা তারেক রহমান তাঁর দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মূল মতবিরোধ তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে কিছু চাই না, আমরা চাই পুরো প্যাকেজ বাস্তবায়ন হোক।

সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।

সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদই ক্ষমতাসীন দল থেকে নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় এ বিষয়ে আংশিক ঐকমত্য তৈরি হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীদলীয় সদস্যরা। তারা ভাষণের সময় সংসদ কক্ষ থেকে বের হয়ে লবিতে অবস্থান করবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামী’র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর বলে অভিযোগ করেন তিনি।

তবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরাসরি বয়কটের ঘোষণা না দিয়ে বলেন, সংসদের বৈঠকে তাদের ভূমিকা দৃশ্যমান হবে।

সংসদের প্রথম দিনের কার্যক্রম শুরু হবে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সংসদ নেতা তারেক রহমান একজন সদস্যকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন এবং সমর্থনের মাধ্যমে তিনি প্রারম্ভিক অধিবেশন পরিচালনা করবেন।

এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটে তাদের নির্বাচিত করা হতে পারে।

পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংসদ ভবনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন চলবে।

প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব উত্থাপন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ উপস্থাপন এবং কার্যোপদেষ্টা কমিটিসহ কয়েকটি সংসদীয় কমিটি গঠন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

এ কারণে আওয়ামী লীগ ছাড়াই শুরু হচ্ছে নতুন সংসদের অধিবেশন। যদিও এর আগে ১৯৮৮ সালের চতুর্থ সংসদ এবং ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদেও দলটি সংসদে ছিল না।

৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। বিএনপির মিত্র গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে একটি করে আসন।

বিরোধী দলে বসছে জামায়াতে ইসলামী, তাদের আসন ৬৮টি। অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগতভাবে পেয়েছে ছয়টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে এবং সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আদালতের আদেশে নির্বাচনের ফল স্থগিত থাকায় ওই দুই আসনের প্রার্থীরা এখনও শপথ নিতে পারেননি।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সংসদে প্রায় ৭৬ শতাংশ সদস্যই নতুন। নতুন সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এই শাখার আরও খবর

স্নাতক ভিসার ফি বাড়িয়ে দ্বিগুণ করল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১২ মার্চ- সাম্প্রতিক এক সিদ্ধান্তে স্নাতকদের জন্য অস্ট্রেলিয়ার অস্থায়ী স্নাতক ভিসার আবেদন ফি দ্বিগুণ করেছে দেশটির সরকার। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের নাগরিকদের…

হট্টগোলের মধ্যে সংসদে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের ওয়াকআউট

মেলবোর্ন, ১২ মার্চ- ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে হট্টগোল ও প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিয়েছেন। ভাষণ শুরুর সময় বিরোধী দল জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা…

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা

মেলবোর্ন, ১২ মার্চ- বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও সহিংসতার অভিযোগ তুলে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ…

ভারতের নাগরিকত্ব পেলেন পাঁচ বাংলাদেশি

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করার পর অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা পাঁচজন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর…

বিসিসিআইয়ের বর্ষসেরা পুরস্কারের তালিকায় শুভমান গিল, বিশেষ সম্মান পাচ্ছেন রাহুল দ্রাবিড় ও মিতালি রাজ

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতীয় ক্রিকেটের সেরা পারফরমারদের সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বিসিসিআইয়ের মর্যাদাপূর্ণ ‘নমন অ্যাওয়ার্ডস’। আগামী ১৫ মার্চ ভারতের রাজধানী…

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতার রাজভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au