বাংলাদেশ

বাংলাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

  • 7:06 pm - March 23, 2026
  • পঠিত হয়েছে:১৫৯২ বার
বাংলাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- বাংলাদেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় পেট্রোল পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক চাপ। এতে মোটরসাইকেল চালক থেকে শুরু করে সাধারণ যানবাহন ব্যবহারকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।

সংশ্লিষ্টদের দাবি, পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। তবে সরবরাহ সংকট ও নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক পাম্পে কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির জানান, ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার করা সম্ভব হচ্ছে না। পে-অর্ডার ছাড়া ডিপো থেকে তেল উত্তোলন করা যায় না। ফলে পাম্প মালিকরা নতুন করে তেল তুলতে পারছেন না এবং সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

তিনি বলেন, “চাহিদা অনুযায়ী সরবরাহ নেই, যা পাওয়া যাচ্ছে তা থেকেই গ্রাহকদের দেওয়া হচ্ছে। ব্যাংক খুললেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।” সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের ছুটি শেষে ব্যাংক খোলার পর পে-অর্ডার প্রক্রিয়া চালু হলে জ্বালানি সরবরাহ আবারও স্বাভাবিক ধারায় ফিরবে।

তবে বাস্তব পরিস্থিতি বলছে, সংকট ইতোমধ্যেই প্রকট আকার ধারণ করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অনেক পাম্পে তেল পুরোপুরি শেষ হয়ে গেছে। যেসব পাম্পে কিছু মজুদ আছে, সেখানে রেশনিং করে বিক্রি করা হচ্ছে। কোথাও ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ।

কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। ছবিঃ সংগৃহীত

ঢাকার শ্যামলী এলাকায় এক মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে একাধিক পাম্প ঘুরেও তেল পাননি তিনি। মিরপুরের আরেক বাসিন্দা বলেন, ঈদের দিন জরুরি প্রয়োজনে বের হয়ে ৮-১০টি পাম্প ঘুরেও অকটেন পাননি, শেষ পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ তেল নিয়ে ফিরতে হয়েছে।

চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলেও একই চিত্র দেখা গেছে। কোথাও দুই ঘণ্টা অপেক্ষা করেও সীমিত পরিমাণ তেল মিলছে, আবার কোথাও খালি হাতে ফিরতে হচ্ছে। বিশেষ করে অকটেন সংকট সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে।

রাজশাহীতে পাম্প মালিকরা জানিয়েছেন, বিভাগীয় শহর হওয়ায় এখানে জ্বালানির চাহিদা বেশি, কিন্তু সরবরাহ সেই অনুযায়ী হচ্ছে না। এতে অনেক পাম্পে সংকট তীব্র হচ্ছে। নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তেল উত্তোলন বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

এদিকে সংকটকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে কেউ কেউ পাম্পে ভাঙচুর বা কর্মীদের মারধরের মতো ঘটনায় জড়াচ্ছেন। এতে পাম্প সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পাম্প মালিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক চাহিদা ও গ্রাহকদের চাপ। ফলে অনেক স্থানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

চিঠিতে পাম্প মালিকদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে পাম্প পরিচালনার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। কোনোভাবেই যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নিরাপত্তা ও সরবরাহ সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে সরকার জ্বালানি বিক্রিতে সাময়িকভাবে রেশনিং চালু করলেও পরে তা তুলে নেয়। তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংকট কাটেনি। বরং ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ব্যাংক কার্যক্রম চালু করে পে-অর্ডার প্রক্রিয়া স্বাভাবিক না হলে এই সংকট আরও গভীর হতে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে। ইতোমধ্যেই এই সংকটে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বাঁধের পানিতে ডুবে তরুণ ক্রিকেটার কাশিফের মৃত্যু

মেলবোর্ন, ৮ মে- অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত তরুণ ক্রিকেটার মোহাম্মদ কাশিফ। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অডলি বাঁধের পানিতে পড়ে গেলে মর্মান্তিক এই…

হান্টাভাইরাস নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ আছে?

মেলবোর্ন, ৮ মে-  আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘এমভি হন্ডিয়াস’-এ হান্টাভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে জাহাজটির তিন যাত্রীর মৃত্যু…

চাপের মুখে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছাড়লেন জুলি বিশপ

মেলবোর্ন, ৮ মে- দীর্ঘদিনের সমালোচনা, প্রশাসনিক অস্থিরতা ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় অনিয়মের অভিযোগের মুখে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) চ্যান্সেলর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।…

দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ফেরা যাত্রীর শরীরে হাম, সতর্ক সিডনি

মেলবোর্ন, ৮ মে- দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে অস্ট্রেলিয়ায় ফিরে আসা এক যাত্রীর শরীরে হাম শনাক্ত হওয়ার পর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণাঞ্চলীয় সাদারল্যান্ড…

সংঘাতের মাঝেও হরমুজ পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে তেলবাহী জাহাজ

মেলবোর্ন, ৮ মে- হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেই অবশেষে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকার। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা ও…

গভর্নরের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজয়ের দল, ১০৭ এমপির পদত্যাগের হুমকি

মেলবোর্ন, ৮ মে- ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক নাটকীয়তা আরও বেড়েছে। নির্বাচনে বড় চমক দেখানো অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) এবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au