ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ২৭ মার্চ- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুই স্কুলছাত্রকে গুরুতর আহত করার ঘটনায় টেলর হ্যাজেল নামের এক চালককে ১৩ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩২ বছর বয়সী টেলর হ্যাজেল গত বছরের মার্চে সেন্ট এডমন্ডস কলেজের সামনে ১৪ ও ১৫ বছর বয়সী দুই শিক্ষার্থীকে চাপা দেন। ঘটনার সময় তিনি মাদকের প্রভাবে ছিলেন এবং নিউ সাউথ ওয়েলসের একটি চাইল্ডকেয়ার সেন্টার থেকে চুরি করা গাড়ি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।
গাড়ি চুরির সময় ভেতরে আট বছর বয়সী এক শিশুকন্যা ছিল। কিছু দূর যাওয়ার পর তাকে নামিয়ে দিয়ে হ্যাজেল দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। পরে ক্যানবেরা অ্যাভিনিউয়ের গ্রিফিথ এলাকায় রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা দুই শিক্ষার্থীর ওপর গাড়ি তুলে দেন তিনি।
আদালতে উপস্থাপিত ড্যাশক্যাম ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, হ্যাজেল নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে মাঝের বিভাজক অতিক্রম করেন এবং দ্রুতগতিতে অন্য গাড়িগুলোকে ওভারটেক করেন। দুর্ঘটনার পর তিনি গাড়ি নিয়ে মানুকা এলাকায় গিয়ে আরেকটি দুর্ঘটনায় পড়েন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বডি-ক্যামেরায় ধারণ করা ভিডিওতে হ্যাজেলকে বলতে শোনা যায়, “আমি আশা করি কাউকে আঘাত করিনি… মনে হচ্ছে আমি একটা বাচ্চাকে ধাক্কা দিয়েছি।”
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি জন বার্নস এ ঘটনাকে “বিপর্যয়কর” আখ্যা দিয়ে বলেন, এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের ওপর গভীর প্রভাব পড়েছে।
হ্যাজেল দুইটি গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগসহ একাধিক অপরাধ স্বীকার করেন, যার মধ্যে গাড়ি চুরি ও একটি শিশুকে বেআইনিভাবে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আদালত তাকে ১৩ বছর ২ মাসের কারাদণ্ড দেন, যার মধ্যে অন্তত ৯ বছর কারাভোগ করতে হবে।
এ ঘটনার পর সেন্ট এডমন্ডস কলেজের আশপাশের সড়ক নিরাপত্তা জোরদারের দাবি ওঠে। ইতোমধ্যে সেখানে একটি সিগন্যালযুক্ত পথচারী পারাপার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au