বাংলাদেশ

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল: ২২ অভিবাসীর মধ্যে ১২ জনই সুনামগঞ্জের

নিহতদের মধ্যে দিরাই উপজেলার ছয়জন, জগন্নাথপুর উপজেলার পাঁচজন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন।

  • 6:21 pm - March 30, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
নিহত ২২ অভিবাসীর মধ্যে ১২ জনই সুনামগঞ্জের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- ইউরোপের স্বপ্ন বুকে নিয়ে বাড়িঘর, জমিজমা, সহায়-সম্বল বিক্রি করে যাত্রা শুরু করেছিলেন তারা। পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার আশায় পাড়ি জমিয়েছিলেন অজানা পথে। কিন্তু সেই স্বপ্নের পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবি ও অনাহারে মারা যাওয়া ২২ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় জেলার বিভিন্ন গ্রামে এখন শোক, কান্না আর হতাশার ছায়া নেমে এসেছে।

গ্রিসের উপকূলে টানা ছয় দিন সাগরে ভেসে থাকার পর খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে একে একে মারা যান তারা। পরে তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। ২৮ মার্চ গ্রিসের কোস্টগার্ড ২৬ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। বেঁচে ফেরা ব্যক্তিদের কাছ থেকেই নিহতদের মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে।

পুলিশ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বজনদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দিরাই উপজেলার ছয়জন, জগন্নাথপুর উপজেলার পাঁচজন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান সরদার ময়না, আবদুল গণির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে সাহান এহিয়া, রাজানগর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মুজিবুর রহমান, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের তায়েক মিয়া ও বাসুরি গ্রামের সোহানুর রহমান। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের সোহানুর রহমান, টিয়ারগাঁও গ্রামের শায়েখ আহমদ, চিলাউড়া কবিরপুর গ্রামের নাইম মিয়া, পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান এবং ইছগাঁও গ্রামের আলী আহমদ। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের আবু ফাহিমের মৃত্যুর তথ্যও নিশ্চিত হয়েছে।

স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্র ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তিতে ইতালিতে নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের লিবিয়ায় নিয়ে যায়। সেখানে দীর্ঘদিন ‘গেম ঘর’ নামে পরিচিত বন্দিশিবিরে আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়। পরে একটি ছোট রাবারের নৌকায় করে প্রায় অর্ধশতাধিক মানুষকে সমুদ্রে পাড়ি দিতে বাধ্য করা হয়। কিন্তু সেই নৌকা দিকভ্রান্ত হয়ে পড়ে এবং টানা ছয় দিন সাগরে ভেসে থাকে।

বেঁচে ফেরা একাধিক অভিবাসীর ভাষ্য অনুযায়ী, নৌকায় খাবার ও পানির মারাত্মক সংকট দেখা দেয়। একপর্যায়ে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন এবং একে একে মারা যেতে থাকেন। মৃতদের মরদেহ প্রথমে দুই দিন নৌকায় রাখা হলেও পরে পচন ধরায় সেগুলো সাগরে ফেলে দেওয়া হয়। মানবপাচারকারীদের নির্দেশেই এই অমানবিক কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জের চিলাউড়া গ্রামের নিহত নাইম মিয়ার বাবা দুলন মিয়া জানান, জমিজমা বিক্রি করে ১২ লাখ টাকায় ছেলেকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। পরে দালালকে আরও টাকা দিতে বাধ্য হন। তিনি বলেন, দালালরা তার ছেলেকে অনাহারে রেখেছে এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

নাইম মিয়ার স্ত্রী, কোলে দুই বছরের সন্তান নিয়ে স্বামীর জন্য আহাজারি করছেন। সন্তানের মুখে বাবার পরিচয় তুলে ধরার আগেই তাকে হারাতে হলো। একই দৃশ্য জেলার একাধিক গ্রামে। টিয়ারগাঁও গ্রামের শায়েখ আহমদের বাবা আখলুছ মিয়া উঠানে বসে বিলাপ করছেন। তিনি বলেন, ছেলেকে বিদেশ পাঠাতে দালালকে ১২ লাখ টাকা দিয়েছিলেন, এখন তিনি শুধু ছেলের লাশ চান।

দিরাই উপজেলার তারাপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য এওর মিয়া জানান, নিহতদের মধ্যে তার আত্মীয়ও রয়েছেন। বেঁচে ফেরা রোহান নামের এক যুবক ফোনে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। একই গ্রামের বর্তমান ইউপি সদস্য শাহনূর মিয়া বলেন, রাবারের নৌকায় করে যাওয়া এই যাত্রাকেই স্থানীয়ভাবে ‘গেম’ বলা হয়, আর সেই গেমেই তাদের মৃত্যু হয়েছে।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, দালালদের প্রলোভনে পড়ে তরুণরা জীবনের ঝুঁকি নিচ্ছে। এই প্রবণতা রোধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়ার কারণে সঠিক তথ্য পাওয়া কঠিন হলেও প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গ্রিসে বাংলাদেশের দূতাবাস উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তিনি জানান, এই ঘটনায় আন্তর্জাতিক ও দেশীয় মানবপাচারকারী চক্র জড়িত থাকতে পারে। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই মানবপাচার বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান জরুরি।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে ২১ মার্চ গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে প্রতিকূল আবহাওয়া ও দিকভ্রান্ত হয়ে পড়ায় নৌকাটি ছয় দিন সাগরে ভেসে থাকে। খাবার ও পানির সংকট, ক্লান্তি এবং অসুস্থতাই মৃত্যুর প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুজনকে মানবপাচারের অভিযোগে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ।

বর্তমানে উদ্ধার হওয়া অভিবাসীদের একটি ক্যাম্পে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দূতাবাস তাদের পরিচয় নিশ্চিত করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে যাওয়ার পথে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যা এই রুটের ভয়াবহতা আরও স্পষ্ট করে।

সুনামগঞ্জের গ্রামগুলোতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—স্বপ্ন দেখার অপরাধে কি এমন মৃত্যু প্রাপ্য? পরিবারগুলো শুধু প্রিয়জনের লাশ ফিরে পেতে চায়, আর চায় এই নির্মম চক্রের বিচার। কিন্তু যাদের দেহ সাগরের অতলে হারিয়ে গেছে, তাদের আর ফেরানো সম্ভব নয়। রয়ে গেছে শুধু অশ্রু, ক্ষোভ আর অনিশ্চিত ভবিষ্যতের দীর্ঘ ছায়া।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au