বিশ্ব

দুই সপ্তাহের জন্য খুলছে হরমুজ প্রণালী

দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কতটা কার্যকর হচ্ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার শর্তে তিনি দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

  • 1:45 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও মাঠপর্যায়ে উত্তেজনা এখনো চলছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও মাঠপর্যায়ে উত্তেজনা এখনো চলছে। নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার সময়গুলোতে ইরানে গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পরও আকাশপথে হামলা ও পাল্টা হামলার ঘটনাও অব্যাহত রয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর আলবানিজ একে “গুড নিউজ” হিসেবে স্বাগত জানান।

তিনি বর্তমানে সিঙ্গাপুর সফরে রয়েছেন এবং ইরান যুদ্ধের শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় কাজ করছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ এবিসি নিউজ

আলবানিজ বলেন, দীর্ঘদিন ধরেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে তার সরকার এবং তারা এই সংঘাতের একটি স্থায়ী সমাধান দেখতে চায়। তিনি ট্রাম্পের আগের বক্তব্যের সমালোচনা করে বলেন, একটি “সমগ্র সভ্যতা ধ্বংস” হওয়ার মতো মন্তব্য ছিল অত্যন্ত উদ্বেগজনক, তবে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি এড়ানো গেছে বলে তিনি স্বস্তি প্রকাশ করেন। তিনি আরও বলেন, ইরানে বেসামরিক অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারত।

হরমুজ প্রণালীতে আটকা দুই হাজারের বেশি জাহাজ। ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে সতর্ক সংকেত বেজে চলেছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইন জানিয়েছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। ইসরায়েলও তাদের লক্ষ্য করে ছোড়া রকেটের জবাবে পাল্টা হামলা চালিয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান ও ওমান ফি আদায় করতে পারবে। পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত এই প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন এটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচিত হওয়ায় কোনো ধরনের টোল নেওয়া হয়নি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এই অর্থ পুনর্গঠনের কাজে ব্যবহার করবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্যে মুখোমুখি আলোচনার বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, তার দেশের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা লেবাননসহ অন্যান্য এলাকাতেও কার্যকর হবে।

অন্যদিকে ইরান দাবি করেছে, তারা এই যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি স্বীকৃতি এবং হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার শর্তে তিনি দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে অনেকটাই এগিয়ে গেছে।

তবে এই যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক বিতর্ক থামেনি। কংগ্রেস সদস্য অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ ট্রাম্পের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেছেন, এই যুদ্ধ সংবিধান লঙ্ঘন করে শুরু করা হয়েছে এবং এতে দেশ ও বিশ্ব বড় ঝুঁকির মুখে পড়েছে। তিনি ট্রাম্পকে অপসারণের বিষয়টিও বিবেচনার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ এখন দ্বিতীয় মাসে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর সংঘাত আরও বিস্তৃত হয়ে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। “অপারেশন এপিক ফিউরি” নামে পরিচিত এই হামলার ফলে জ্বালানি, নৌপরিবহন ও বিমান চলাচল খাতে ব্যাপক প্রভাব পড়ে এবং বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়।

সূত্রঃ সেভেন নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au