বাংলাদেশ

সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস

  • 8:07 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:২৭৭ বার
সংসদে বাদ পড়ছে কার্যকারিতা হারাল গণভোটসহ ১৩ অধ্যাদেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশকে আইনে রূপ দিয়েছে জাতীয় সংসদ। বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে এ–সংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া বিলে অধ্যাদেশের মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, অধ্যাদেশের মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির নেতাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই এখন আইনে রূপ পেল।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার সামগ্রিক কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট বিধান ছিল না। পূর্বের আইনে বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন জারি করে ওই ব্যক্তিকে তফসিলে অন্তর্ভুক্ত করতে পারে বা সংশ্লিষ্ট সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। তবে নতুন সংশোধনের মাধ্যমে সত্তার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে, যা আইনের পরিধি আরও বিস্তৃত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেন, বিলটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এ–সংক্রান্ত তুলনামূলক বিবরণী তাঁরা মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন এবং তা ভালোভাবে পর্যালোচনার সুযোগ পাননি। তিনি বিলটি পাসের আগে আরও সময় দেওয়ার আহ্বান জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যপ্রণালী অনুযায়ী আপত্তি তোলার নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময়ের মধ্যে আপত্তি জানানো হলে তা বিবেচনা করা যায়। কিন্তু বিল পাসের এই পর্যায়ে এসে আপত্তি গ্রহণের সুযোগ নেই। তিনি বিষয়টি পরে দেখার পরামর্শ দেন।

পরবর্তী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে আনা সংশোধনী। তিনি উল্লেখ করেন, অতীতে বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি ও তাদের মিত্ররা একটি আন্দোলন গড়ে তুলেছিল, যার প্রেক্ষিতে দেশে একটি জনমত তৈরি হয়। সেই জনমতের ভিত্তিতেই সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনও স্থগিত রয়েছে। তিনি আরও জানান, একই ধারাবাহিকতায় পরবর্তীতে সংশ্লিষ্ট আইনের অন্যান্য ধারাতেও পরিবর্তন এনে সংগঠনটির বিচার প্রক্রিয়া নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

বিলে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন জারি করে সেই সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে এবং তফসিলে অন্তর্ভুক্ত করতে পারবে। পাশাপাশি সংশ্লিষ্ট সত্তার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতাও সরকারের থাকবে।

এছাড়া বিলে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সত্তার পক্ষে বা সমর্থনে কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ, মুদ্রণ, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, কিংবা মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন আয়োজন এবং জনসমক্ষে বক্তব্য প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল করা হয় এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ করা হয়। সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ পাওয়া ১৫টি অধ্যাদেশের একটি ছিল সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ। তবে আজ পাস হওয়া বিলে কোনো ধরনের সংশোধনী সংযোজন করা হয়নি, ফলে অধ্যাদেশের বিধানই পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au