ইরান ও যুক্তরাষ্ট্র এর পতাকা। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৬ এপ্রিল- চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বিবিসিকে দেওয়া এক বক্তব্যে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় ঘনিয়ে আসলেও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় এখনো অগ্রগতি হলেও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি বলে জানা গেছে।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, “একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।” তবে আলোচনার অগ্রগতি, শর্ত বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতি ভেঙে গেলে অঞ্চলজুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় মূলত যুদ্ধবিরতির শর্ত, নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে মতবিনিময় চলছে। তবে পারস্পরিক অবিশ্বাস ও কৌশলগত মতপার্থক্যের কারণে সমঝোতায় পৌঁছানো সহজ হচ্ছে না।
এখন নজর রয়েছে আগামী কয়েক দিনের ওপর-এই সময়ের মধ্যেই কোনো সমঝোতা না হলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।