বাহরাইনের মানচিত্র। ছবি : সংগৃহীত
মেলবোর্ন, ৯ মে- ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা ইরানের সঙ্গে সমন্বয় করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মানামা। এর অংশ হিসেবেই বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, গোপন সমন্বয় এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও বিস্তৃত তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ইরানকে সমর্থন এবং বিদেশি সংগঠনের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে আরও কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। সরকারের ভাষ্য, অভিযুক্তরা দেশের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে ইরানকে সহায়তা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন তৎপরতায় সম্পৃক্ত ছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইন ও ইরানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে বাহরাইন ও তার মিত্র দেশগুলো।
উল্লেখ্য, বাহরাইন বহুবার অভিযোগ করেছে যে, তেহরান দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সুত্রঃ আল-জাজিরা