ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন
মেলবোর্ন, ১৯ মে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানে সাধারণ নাগরিকদের জন্য প্রকাশ্যে সামরিক প্রশিক্ষণ কর্মসূচি দেখা গেছে।…
মেলবোর্ন, ১৯ মে- আন্তর্জাতিক বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় সোনা ও রুপার দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইরান যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কার কারণে বিনিয়োগকারীদের নজর এখন নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের দিকে।
সোমবার (১৮ মে) বিশ্ববাজারে লেনদেনের শুরুতে সোনার দাম গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে তা ঘুরে দাঁড়ায়। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫২ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। তবে মার্কিন ফিউচার মার্কেটে জুন মাসের ডেলিভারির জন্য সোনার দাম সামান্য কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৭ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর বদলে আরও বাড়াতে পারে—এমন আশঙ্কায় সোনার বাজারে চাপ তৈরি হয়েছে। উচ্চ সুদের হার সাধারণত সোনার মতো লভ্যাংশহীন সম্পদের চাহিদা কমিয়ে দেয়।
তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। ফলে বিশ্ব অর্থনীতিতে আবারও মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সোনা ও তেলের বাজারে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ইতোমধ্যে বড় বড় আন্তর্জাতিক ব্যাংকও সোনার ভবিষ্যৎ মূল্য নিয়ে নতুন হিসাব কষতে শুরু করেছে। মার্কিন বিনিয়োগ ব্যাংক জে পি মরগান ২০২৬ সালের জন্য সোনার গড় দামের পূর্বাভাস কমিয়েছে।
সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও বেড়েছে। সোমবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্ল্যাটিনামের দাম কিছুটা কমলেও প্যালাডিয়ামের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে।
এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে দেশের বাজারেও সোনার দাম আরও বাড়তে পারে।
সূত্র : রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au