বাংলাদেশ

‘অনুপস্থিত মানেই নীরব নই, খুব শিগগিরই দেশে ফিরব’: শেখ হাসিনা

  • 6:09 pm - May 19, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মে- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিকে কেউ যেন নীরবতা মনে না করে। তিনি দাবি করেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন।

হিন্দুস্থান টাইমসের এক ই-মেইল সাক্ষাৎকারে এসব কথা বলেন বর্তমানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালের ১৭ মে তার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় দিন। সে সময় ছয় বছর নির্বাসনে থাকার পর পরিবারের সদস্যদের হারিয়ে শুধুমাত্র জনগণের ভালোবাসার ওপর ভরসা করে তিনি দেশে ফিরেছিলেন। তখনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র, মামলা ও প্রাণনাশের হুমকি ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট দিন বা সময়ের ওপর নির্ভর করে না। বরং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছেন। তার ভাষায়, এটি শুধু তার ব্যক্তিগত প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ রক্ষার প্রশ্ন।

শেখ হাসিনা বলেন, “আমার অনুপস্থিতি মানে এই নয় যে আমি নীরব। প্রতিটি মুহূর্তে আমি দেশের জন্য লড়াই করছি। কূটনৈতিক পর্যায়, আন্তর্জাতিক আইনগত কাঠামো এবং বৈশ্বিক গণমাধ্যমের মাধ্যমে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।”

শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

তিনি আরও বলেন, জীবনে ১৯ বার হত্যাচেষ্টার শিকার হয়েও তাকে থামানো যায়নি। “সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে ফিরব,” বলেন তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল এবং এই দল কখনও বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয়নি। কাগজে-কলমে নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “যদি নিষেধাজ্ঞা দিয়েই আওয়ামী লীগকে থামানো যেত, তাহলে বাংলাদেশই জন্ম নিত না।” অতীতের ইতিহাস টেনে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। বর্তমান নিষেধাজ্ঞাকে তিনি ক্ষমতাসীনদের ভয় ও রাজনৈতিক অনিরাপত্তার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

শেখ হাসিনার দাবি, দেশে এখনও আওয়ামী লীগের লাখো সমর্থক ও বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছেন। হামলা, মামলা, কারাবন্দি ও নির্যাতনের মধ্যেও তারা ঐক্যবদ্ধ আছেন। দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি।

দলের সংস্কার ও “শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ” প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং দলীয় কর্মীরাই নেতৃত্ব নির্বাচন করেন। সংস্কার বা পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া হলেও সেটি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই হবে বলে জানান তিনি।

তার ভাষায়, রাজনৈতিক প্রতিপক্ষ অনেক সময় “সংস্কার” বা “শুদ্ধি অভিযান”-এর নামে প্রতিদ্বন্দ্বী দলকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করে থাকে। তবে আওয়ামী লীগ নিজের সমস্যার সমাধান নিজেই করতে সক্ষম বলেও দাবি করেন তিনি।

দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। তার অভিযোগ, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে “নীরব রাজনৈতিক গণহত্যা” চালিয়েছে।

তিনি দাবি করেন, প্রায় ৬০০ নেতাকর্মী নিহত হয়েছেন এবং দেড় লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বহু নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি চাকরিতে থাকা বহু কর্মকর্তা-কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। এসব পরিস্থিতির কারণে অনেকে জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল।

তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পের কথা উল্লেখ করেন। তার দাবি, বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় দেশের মাথাপিছু আয় ছিল ৪৮২ ডলার এবং জিডিপির আকার ছিল ৭০ বিলিয়ন ডলার। আর আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটের সময় মাথাপিছু আয় দাঁড়িয়েছিল ২ হাজার ৭৮৪ ডলারে এবং জিডিপির আকার হয়েছিল ৪৫০ বিলিয়ন ডলার।

বর্তমান ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে এবং শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তার দাবি, মাত্র ১৮ মাসে বিপুল অঙ্কের দেশি-বিদেশি ঋণ নেওয়া হয়েছে এবং অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নীতি ছিল “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই।

তবে দেশে দীর্ঘদিন ধরেই “ভারতবিরোধী রাজনীতি”কে কিছু গোষ্ঠী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, অন্তর্বর্তী সরকারও সেই ধারায় যুক্ত হয়েছে।

একই সঙ্গে তিনি জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল।

তিনি একযোগে ৬৩ জেলায় বোমা হামলা, তার ওপর গ্রেনেড হামলা, বিচারক হত্যা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় স্থাপনায় হামলার প্রসঙ্গ তুলে ধরেন। এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গিবাদের বিরুদ্ধে “শূন্য সহনশীলতা” নীতি গ্রহণ করেছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, “২০০১-০৬ সালের অন্ধকার সময় আবার ফিরে আসার উপক্রম হয়েছে। জঙ্গিবাদের কালো ছায়া এখন আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়ছে। এটি দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি।”

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৯ মে- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় দুই হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে কীটনাশক পান…

পিরোজপুরে নিখোঁজের একদিন পর কবিরাজের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৯ মে- পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার নামে এক গ্রাম্য কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…

সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

মেলবোর্ন, ১৯ মে- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে আকস্মিক এই…

অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে তিনজনকে হত্যার পর পুলিশকে ফোন, বাংলাদেশি নাগরিক আটক

মেলবোর্ন, ১৯ মে- অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় এক বাংলাদেশি পরিবারের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সি…

মব ভায়োলেন্স: আইনের শাসনের সামনে নতুন চ্যালেঞ্জ

মেলবোর্ন, ১৯ মে- একটি সভ্য রাষ্ট্রের মূল ভিত্তি হলো আইনের শাসন। সেখানে অপরাধের বিচার হবে আদালতে, প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক সময়ে…

বিজেপির ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ঠেকানো রাজনীতি বাস্তবে কতটা প্রভাব ফেলছে

মেলবোর্ন, ১৯ মে- ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু বহু বছর ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au