বিশ্ব

ফলতায় পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শুরু, মাঠে নেই তৃণমূল প্রার্থী

  • 2:58 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ফলতায় পুনর্নির্বাচনে ভোটগ্রহণ শুরু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন পুরো কেন্দ্রের আগের ভোট বাতিল ঘোষণা করে নতুন করে ভোট নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর বুধবার সকাল ৭টা থেকে ২৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ২৪ মে।

গত ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে আতর, কালি ও টেপ লাগানোর মতো নানা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে। বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাপক কারচুপির অভিযোগ তোলে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেও পুনর্নির্বাচনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, ফলতায় ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু ছিল না এবং ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এরপর ঘটনাক্রমে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় কমিশন।

এরই মধ্যে ৪ মে রাজ্যের বাকি ২৯৩টি আসনের ফল প্রকাশ করা হয়। সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। তবে ফলতা আসনের ফল স্থগিত রাখা হয়।

পুনর্নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে নাটকীয়ভাবে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমি এই ভোটে লড়ছি না।”

তবে তিনি এই সিদ্ধান্ত দলের নির্দেশে নিয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানানো হয়, এটি জাহাঙ্গির খানের ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়।

জাহাঙ্গির খান, যিনি স্থানীয়ভাবে ‘পুষ্পা’ নামেও পরিচিত, সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি ফলতার ভূমিপুত্র। আমি চাই ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভালো থাকুক। ফলতায় আরও উন্নয়ন হোক।”

তিনি আরও বলেন, “আমার স্বপ্ন ছিল সোনার ফলতা গড়া। সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। তাই ২১ মে যে পুনর্নির্বাচন হচ্ছে, সেই লড়াই থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম।” বক্তব্য দেওয়ার সময় তাকে আবেগাপ্লুতও দেখা যায়।

যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় ইভিএমে জাহাঙ্গির খানের নাম এবং তৃণমূলের প্রতীক থেকেই গেছে। ফলে ভোটাররা চাইলে এখনও তার প্রতীকেই ভোট দিতে পারবেন।

এদিকে পুনর্নির্বাচনের দিন ফলতার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যরা বিভিন্ন বুথে মোতায়েন রয়েছেন। ভোটকেন্দ্রগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, বিগত কয়েকটি নির্বাচনে তারা ঠিকভাবে ভোট দিতে পারেননি। তাদের দাবি, জাহাঙ্গির খান ও তার অনুসারীরা ভোটারদের ভয়ভীতি দেখাতেন। অনেককে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হতো না। কেউ কেউ অভিযোগ করেন, হাতে কালি লাগিয়ে ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল।

পুনর্নির্বাচনের দিন জাহাঙ্গির খানের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাড়ি ও দলীয় কার্যালয়ের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। ডাকাডাকির পরও কেউ দরজা খোলেননি।

এদিকে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে পুনর্নির্বাচনের আগে প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রোড শো করে ভোটারদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচন শুধু একটি আসনের ভোট নয়, বরং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও ভোটব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের পরীক্ষায় পরিণত হয়েছে।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au