কোরবানির মাংস নিয়ে সংঘর্ষে জড়াল গ্রামবাসী, আহত ৩০
মেলবোর্ন, ২৮ মে- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির মাংস কোথায় ভাগ করা হবে, সেই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে ভয়াবহ…
মেলবোর্ন, ২৮ মে- ফরিদপুরের রাস্তাঘাটে কাঁধে থলে আর ছেঁড়া পোশাকে ঘুরে বেড়ানো লাইলী বেগম এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। কাজী নজরুল ইসলামের গান গেয়ে ভাইরাল হওয়ার পর নতুন করে পরিচিতি পেয়েছেন এই ভবঘুরে শিল্পী।
ফরিদপুর শহরের হারুকান্দি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী লাইলী বেগম দীর্ঘদিন ধরে ‘লাইলী খালা’, ‘লাইলী পাগলি’ কিংবা ‘মাটির শিল্পী’ নামে পরিচিত। স্থায়ীভাবে কোথাও থাকেন না তিনি। কখনো রাস্তায়, কখনো মাজারে, আবার কখনো কোনো সাংস্কৃতিক আসরে তাঁর দেখা মেলে।
সম্প্রতি ফরিদপুরে নজরুলজয়ন্তীর একটি অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল’ পরিবেশন করেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনায় উঠে আসেন লাইলী বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈশবেই মা–বাবাকে হারান লাইলী বেগম। পরে ফরিদপুরের গোয়ালচামট এলাকার এক নারীর কাছে বড় হন তিনি, যিনি তাঁকে গান শেখান এবং হারমোনিয়াম কিনে দেন। ছোটবেলা থেকেই লোকগান, লালনগীতি, কাওয়ালি ও নজরুলগীতির প্রতি তাঁর গভীর আগ্রহ গড়ে ওঠে।
পারিবারিক জীবনে লাইলী বেগম ছিলেন শেখ ইসলামের স্ত্রী। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর এবং পারিবারিক টানাপোড়েনের মধ্যে প্রায় দেড় দশক আগে তিনি ঘর ছেড়ে ভবঘুরে জীবনে চলে যান।
লাইলী বেগম বলেন, গানই তাঁর জীবনের একমাত্র আশ্রয়। তাঁর ভাষায়, “গান ছাড়া আমি বাঁচতে পারি না। গানই মানুষের আত্মার খোরাক।”
তিনি আরও জানান, কোনো আসরে ডাক থাকুক বা না থাকুক, গান গাওয়ার সুযোগ পেলে ছুটে যান। অনেক সময় সম্মান পান, আবার অনেক জায়গায় অপমানিতও হতে হয়।
স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলছেন, লাইলী বেগম একজন স্বভাবজাত শিল্পী। ফরিদপুরের প্রবীণ সংস্কৃতিকর্মী আলতাফ হোসেন জানান, দীর্ঘ দুই দশক ধরে তাঁকে বিভিন্ন গানের আসরে দেখা যাচ্ছে। তিনি কারও ক্ষতি করেন না, বরং গানই তাঁর একমাত্র পরিচয়।
আরেক সংস্কৃতি সংগঠক মফিজ ইমাম বলেন, স্থায়ী ঠিকানা না থাকলেও তাঁর মধ্যে মানবিকতা ও শিল্পচেতনার গভীর প্রকাশ রয়েছে, যা অনেককে নাড়া দেয়।
বর্তমানে ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এলেও লাইলী বেগমের জীবন এখনও রয়ে গেছে সেই আগের মতোই—রাস্তায়, গান আর অজানা গন্তব্যে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au