বাংলাদেশ

ইসলামের নবী প্রথম কোন পশু কোরবানি করেছিলেন? এই রীতি কীভাবে এলো?

  • 12:08 am - May 29, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
বিক্রির জন্য হাটে তোলা হয়েছে গরু । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- ইসলাম ধর্মমতে, সৃষ্টিকর্তার উদ্দেশে কোরবানি করার ইতিহাস মানবসভ্যতার শুরু থেকেই প্রচলিত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, নবী আদমের দুই পুত্র হাবিল ও কাবিল প্রথমবারের মতো সৃষ্টিকর্তার উদ্দেশে উৎসর্গ করেছিলেন। তবে বর্তমান মুসলিম সমাজে যে পশু কোরবানির রীতি প্রচলিত রয়েছে, তার মূল ভিত্তি নবী ইব্রাহীম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)–এর ঐতিহাসিক ঘটনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সেই ঘটনার স্মরণেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।

ইসলামি ইতিহাসবিদ ও ধর্মীয় চিন্তাবিদদের মতে, নবী মুহাম্মদ (সা.)–এর জীবদ্দশায় কোরবানির আনুষ্ঠানিক রীতি শুরু হয় হিজরতের পর মদিনায়। মক্কা জীবনে তিনি কখনো প্রচলিত আরব সমাজের মতো দেব-দেবীর নামে পশু কোরবানি করেননি। কারণ সে সময় আরবের অনেক উপজাতি বিভিন্ন মূর্তির উদ্দেশে পশু উৎসর্গ করত, যা ইসলামের তাওহিদি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী বলেন, নবুয়ত লাভের পর দীর্ঘ সময় মক্কায় অবস্থান করলেও নবী মুহাম্মদ (সা.)–কে কোরবানি করতে দেখা যায়নি। পরবর্তীতে মদিনায় হিজরতের পর ঈদুল আজহার প্রবর্তনের মাধ্যমে ইসলামে কোরবানির বিধান চালু হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন নবী মুহাম্মদ (সা.)। সেই সময় মদিনার মানুষ বছরে দুটি উৎসব পালন করত। ইসলামের নবী জানান, আল্লাহ মুসলমানদের জন্য তার চেয়ে উত্তম দুটি উৎসব নির্ধারণ করেছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা।

মুসলিম পণ্ডিতদের মতে, হিজরি দ্বিতীয় সালে প্রথম ঈদুল আজহা উদযাপন করা হয়। তখনই আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ (সা.) প্রথমবার পশু কোরবানি করেন। ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে নবী ইব্রাহীম (আ.)–এর কোরবানির আদর্শ পুনরুজ্জীবিত করা হয়।

বিশুদ্ধ হাদিসের বর্ণনা অনুযায়ী, ইসলামের নবী প্রথম কোরবানিতে দুটি সাদা-কালো রঙের শিংওয়ালা দুম্বা কোরবানি করেছিলেন। সহিহ বুখারির একটি হাদিসে সাহাবি আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (সা.)–কে নিজ হাতে দুটি শিংওয়ালা দুম্বা জবাই করতে দেখেছেন। কোরবানির সময় তিনি “বিসমিল্লাহ, আল্লাহু আকবার” বলেছিলেন।

জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা বলেন, নবী মুহাম্মদ (সা.)–এর কোরবানি করা দুটি দুম্বার মধ্যে একটি ছিল তাঁর নিজের পক্ষ থেকে এবং অন্যটি ছিল তাঁর উম্মতের পক্ষ থেকে। এই ঘটনা মুসলমানদের জন্য আত্মত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক হয়ে আছে।

হাদিসে আরও উল্লেখ রয়েছে, কোরবানির পশু হিসেবে নবী মুহাম্মদ (সা.) সাধারণত সুস্থ, মোটাতাজা, সুন্দর ও শিংওয়ালা পশু পছন্দ করতেন। দুম্বা, ভেড়া ও মেষের ক্ষেত্রে খাসি পশুকে তিনি অগ্রাধিকার দিতেন।

ইসলামি শরিয়তে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও উট কোরবানি বৈধ। তবে ইসলামের নবীর প্রথম কোরবানির পশু ছিল দুম্বা। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি উট, গরু ও ভেড়াও কোরবানি করেছেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়।

ধর্মীয় গবেষকদের ভাষ্য অনুযায়ী, কোরবানি সবসময় ঈদের নামাজের পর আদায় করা হতো। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ড. মো. আবু ছালেহ পাটোয়ারী বলেন, হাদিস অনুযায়ী ঈদের নামাজের আগে পশু জবাই করলে তা সাধারণ জবাই হিসেবে গণ্য হবে, কোরবানি হিসেবে নয়। এজন্য মুসলমানরা এখনও ঈদের নামাজের পর কোরবানি সম্পন্ন করেন।

ইসলামের নবী শুধু ঈদুল আজহার সময় নয়, হজ ও ওমরাহ পালনকালেও কোরবানির জন্য পশু সঙ্গে নিয়ে যেতেন। ইসলামি ইতিহাসে এসব পশুকে “হাদি” বলা হয়। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় নবী মুহাম্মদ (সা.) উট কোরবানি করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে।

পরে দশম হিজরিতে বিদায় হজের সময় ইসলামের নবী একশটি উট কোরবানি করেন। গবেষকদের মতে, এর মধ্যে ৬৩টি উট তিনি নিজ হাতে জবাই করেন এবং বাকিগুলো হযরত আলী (রা.) কোরবানি করেন। এটিই ছিল তাঁর জীবনের শেষ হজ ও শেষ বড় কোরবানি।

ধর্মীয় বিশ্লেষকদের মতে, ইসলামে কোরবানির মূল শিক্ষা কেবল পশু জবাই নয়, বরং আত্মত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য, মানবিকতা ও ত্যাগের মানসিকতা অর্জন। কোরবানির মাধ্যমে মুসলমানরা নবী ইব্রাহীম (আ.)–এর আত্মসমর্পণ এবং নবী মুহাম্মদ (সা.)–এর সুন্নাহ অনুসরণের চেষ্টা করেন।

প্রতি বছর ঈদুল আজহার সময় মুসলিম বিশ্বে কোটি কোটি মানুষ পশু কোরবানি করেন। তবে ইসলামি পণ্ডিতরা বলছেন, কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের অন্তরের তাকওয়া ও আত্মশুদ্ধির মধ্যেই নিহিত।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au