বাংলাদেশ

২১ ঘণ্টায় সড়কে ঝরল অন্তত ১৫ প্রাণ, ৯ জনই মোটরসাইকেল আরোহী

  • 1:31 am - May 29, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
২১ ঘণ্টায় সড়কে ঝরল অন্তত ১৫ প্রাণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মে- ঈদুল আজহার আনন্দের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জনই মোটরসাইকেলের চালক বা আরোহী। কেউ বাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন, কেউ ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গোপালগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল, দিনাজপুর ও মাদারীপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের দুই যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের মতে, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে শয়ন ঢালী (২০), সোয়াইব শেখ ও খাদিজা খাতুনের। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষের পরই দুর্ঘটনাটি ঘটে।

পটুয়াখালীর গলাচিপায় ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ হারিয়েছে দুই কিশোর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ফয়সাল হাওলাদার (১৬) ও তামিম মাতুব্বর (১৬)। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে তামিমকে মৃত ঘোষণা করা হয়। পরে বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

নরসিংদীর শিবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই তরুণ। বুধবার সন্ধ্যায় বাজনাব এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুমান মিয়া (২৬) নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চান মিয়া (১৯)। আহত আরেক তরুণ আবদুল্লাহ জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের ভাঙ্গায় বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন সাইফুল মোল্লা (২৫) ও আল ইমরান শরীফ (২৮)। দুর্ঘটনায় আহত হন আরও দুইজন। পুলিশ জানায়, দুই মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার বিকেলে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন সাব্বির গাজী (১৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা শওকত হোসেন (১৯)। তারা মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন বলে জানা গেছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই শিশু। বৃহস্পতিবার ভোরে কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আবদুল্লাহ (৪) ও আরিফা খাতুন (৪)। আহত হয়েছেন তাদের মায়েরা। পরিবার সূত্রে জানা যায়, তারা ঢাকা থেকে ঈদ করতে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

অন্যদিকে মাদারীপুরের শিবচরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি হঠাৎ ব্রেক করলে তিনি খোলা দরজা দিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ঈদের সময় অতিরিক্ত যাত্রীচাপ, বেপরোয়া গতি, মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল এবং সড়কে অসতর্কতা দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au