বাংলাদেশ

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

  • 1:34 am - June 16, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
নিখোঁজ মফিজ ও আরিফ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে ড্রোন হামলায় তাদের নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ দুই যুবক হলেন মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে মাফুল ওরফে মফিজ (২৩) এবং সিধুলী ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ হোসাইন (৩০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ মে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান মফিজ ও আরিফ। তাদের একজনকে রাজমিস্ত্রি এবং অন্যজনকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় দালাল ও এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠানো হয়। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তারা পরিবারকে জানান, প্রতিশ্রুত চাকরির পরিবর্তে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে।

স্বজনদের অভিযোগ, অর্থের বিনিময়ে একটি দালালচক্র তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বিদেশে যাওয়ার পর ফোনে পরিবারের সদস্যদের কাছে তারা নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার আকুতি করেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ মে ছিল তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ। এরপর থেকে দুইজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে ড্রোন হামলায় দুই বাংলাদেশির নিহত হওয়ার দাবি করা হয়। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

মফিজের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে বিদেশে গিয়েছিল সংসারের হাল ধরতে। এখন তার কোনো খোঁজ নেই। তিনি ছেলের সন্ধান এবং প্রয়োজন হলে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে যারা কাজের প্রলোভন দেখিয়ে তাকে বিদেশে পাঠিয়েছে, তাদের বিচারেরও দাবি করেন।

মফিজের বোন কণিকা জানান, রাজমিস্ত্রির কাজের কথা বলে তার ভাইকে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে ফোনে ভাই জানিয়েছিল, তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। শেষবার কথা বলার সময় সে পরিবারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিল।

অন্যদিকে আরিফ হোসাইনের পরিবারও একই ধরনের অভিযোগ করেছে। আরিফের বাবা তারা মিয়া বলেন, ইলেকট্রিশিয়ানের কাজের আশ্বাসে প্রায় ১৬ লাখ টাকা খরচ করে ছেলেকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু এখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরিফের স্বজনরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন, ড্রোন হামলায় আরিফ নিহত হয়ে থাকতে পারেন। তবে সরকারি কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি বলেন, দূতাবাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া এড়িয়ে স্থানীয় দালালদের মাধ্যমে বিদেশে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবার লিখিত আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।

দুই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। তাদের পরিবার এখনো আশায় বুক বেঁধে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au