বাংলাদেশ

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

আহত অন্তত ১০

  • 3:27 am - June 17, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লালমনিরহাট জেলা প্রশাসকের (ডিসি) গাড়িসহ প্রশাসনের অন্তত সাতটি সরকারি যানবাহনে ভাঙচুর চালায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ সুপার, থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে জেলা প্রশাসকের গাড়িসহ প্রশাসনের সাতটি সরকারি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নন্দিনী একই গ্রামের বাসিন্দা নলিনী কান্ত রায়ের মেয়ে। এ ঘটনায় আটক করা হয়েছে গ্রামের বাসিন্দা রণজিৎ কুমার এবং তার ছেলে বিধান চন্দ্র রায়কে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু নন্দিনী। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে সদ্য খোঁড়া মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তদন্তের একপর্যায়ে স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে, ঘটনার দিন সন্ধ্যায় বিধান চন্দ্র রায়কে ওই ভুট্টাখেত এলাকা থেকে কোদাল হাতে ফিরতে দেখা গিয়েছিল। এ তথ্য ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়িতে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। অভিযোগ রয়েছে, গ্রেপ্তার এড়াতে বিধান নিজের ঘরে আত্মগোপন করেছিলেন। পরে উত্তেজিত জনতা ঘরের তালা ভেঙে তাকে বের করে এনে গণপিটুনির চেষ্টা চালায়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিধানকে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু স্থানীয়রা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাৎক্ষণিক শাস্তি দেওয়ার দাবি জানায়। পুলিশ তাতে রাজি না হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা প্রশাসক রাশেদুল হক, বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে এবং অবরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়।

প্রায় তিন ঘণ্টা উত্তেজনাকর পরিস্থিতির পর পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। পরে আটককৃতদের নিয়ে ঘটনাস্থল ত্যাগের সময় চারদিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে পুলিশ সুপার আসাদুজ্জামান, আদিতমারী থানার ওসি নাজমুল হকসহ অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের গাড়িসহ সাতটি সরকারি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকাসক্ত বিধান চন্দ্র প্রতিবেশী শিশু নন্দিনীকে ফুসলিয়ে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে এবং পরে মরদেহ বস্তায় ভরে মাটিচাপা দেয়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ঘটনার শুরু থেকেই তিনি ঘটনাস্থলে ছিলেন এবং জনতার ছোড়া ইটের আঘাতে তিনিও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে।

তিনি জানান, নন্দিনী হত্যা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মূল সন্দেহভাজনসহ দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক রাশেদুল হক বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে আদিতমারী থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিশু নন্দিনীর মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী সংঘর্ষের ঘটনায় পুরো আদিতমারীজুড়ে শোক, ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

প্রশ্নফাঁস কেলেঙ্কারি, ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ

মেলবোর্ন, ১৭ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে দেশটিতে প্রথমবারের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au