বাংলাদেশ

রাম বিগ্রহ অবমাননার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

সম্প্রীতি রক্ষায় দোষীদের দ্রুত শাস্তির দাবি

  • 1:25 pm - June 21, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য শ্রীরামচন্দ্রের বিগ্রহ অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হামলার হুমকির প্রতিবাদে সিলেট, বরিশাল, লক্ষ্মীপুর ও বগুড়াসহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলোতে হাজারো মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ধর্মীয় অবমাননা, উপাসনালয়ে হামলার হুমকি এবং সাম্প্রদায়িক উসকানি দেশের দীর্ঘদিনের সম্প্রীতির সংস্কৃতির ওপর আঘাত। এসব ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

সিলেটে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার এত বছর পরও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিজেদের অধিকার ও নিরাপত্তার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মন্দির ভাঙচুরের হুমকি দেশের সাংবিধানিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী।

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, জাতীয় পরিষদের সদস্য সুব্রত দেব, জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

লক্ষ্মীপুরে জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে সদর মডেল থানা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার এবং সাধারণ সম্পাদক মিলন মণ্ডলসহ বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখে দিতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং ধর্মীয় অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বগুড়ায় শহরের সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এন সি বাড়ই, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার ঘটনা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর আঘাত নয়, বরং দেশের সম্প্রীতির ঐতিহ্যের ওপরও আঘাত।

মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে বগুড়া মানববন্ধন।

বরিশালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর এবং ধর্মীয় অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মৃণাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটুসহ নেতারা বক্তব্য দেন।

মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে বরিশালে মানববন্ধন।ছবি : সংগৃহীত

কর্মসূচিগুলোতে বক্তারা বলেন, বাংলাদেশ বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মিলিত আবাসভূমি। এই ঐতিহ্য বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ধর্মীয় অবমাননা, উপাসনালয়ে হামলার হুমকি এবং সাম্প্রদায়িক উসকানির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au