বাংলাদেশ

১১৫ দিনের দুঃসহ অপেক্ষার অবসান,

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

  • 2:52 am - June 24, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবি : সংগৃহীত।

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু দীর্ঘ উৎকণ্ঠা, অনিশ্চয়তা এবং প্রাণহানির আশঙ্কার মধ্য দিয়ে এই সংকটময় সময় পার করেছেন।

সোমবার গভীর রাতে হরমুজ প্রণালির ঝুঁকিপূর্ণ অঞ্চল অতিক্রম করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন জাহাজটির নাবিকরা। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় কৃষ্ণ সেন বলেন, হরমুজ প্রণালি পার হওয়ার সময় প্রতিটি মুহূর্ত ছিল আতঙ্কে ভরা। বারবার পরিবারের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল, যদি হঠাৎ কোনো মাইন বিস্ফোরণ ঘটে, তাহলে কী হবে। সেই ভয় নিয়েই তারা সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যান।

তিনি জানান, এর আগে তিনবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতিবারই ফিরে যেতে হয়েছিল। চতুর্থ প্রচেষ্টায় অবশেষে তারা নিরাপদে সংকটময় জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদ মালেক জানান, সোমবার রাত ৩টার দিকে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালির রেডজোন অতিক্রম করে। জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

তিনি বলেন, মাইনের সম্ভাব্য ঝুঁকি এড়াতে জাহাজটিকে ইরানের উপকূল ঘেঁষে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে যেকোনো সময় নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা এলে দ্রুত গতিপথ পরিবর্তনের প্রস্তুতিও ছিল। তবে শেষ পর্যন্ত কোনো বাধা ছাড়াই যাত্রা সম্পন্ন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়ে ‘বাংলার জয়যাত্রা’। প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

জাহাজটির নাবিকরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান, যখন জেবেল আলী বন্দরে অবস্থানকালে তাদের জাহাজ থেকে মাত্র ৫০০ মিটার দূরে একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। যদিও ওই হামলায় জাহাজটির কোনো ক্ষতি হয়নি, তবে নাবিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ এই সময় দেশে থাকা নাবিকদের পরিবার-পরিজনেরাও উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিপিং করপোরেশন একযোগে কাজ করেছে। ইরানের সঙ্গে একাধিকবার যোগাযোগের পর অবশেষে জাহাজটির জন্য নিরাপদ যাত্রার অনুমতি নিশ্চিত করা সম্ভব হয়।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এখনো হরমুজ প্রণালির আশপাশে প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে রয়েছে। যুদ্ধ শুরুর পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।

এদিকে ‘বাংলার জয়যাত্রা’র সফল যাত্রাকে বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা ও যুদ্ধঝুঁকির অবসান ঘটিয়ে এখন জাহাজটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে।

এই শাখার আরও খবর

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

ঢামেকের নারী শৌচাগার থেকে হিন্দু নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি নারী শৌচাগার থেকে তন্ময়ী মণ্ডল নামে এক নার্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর বারডেম…

মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ আহরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে…

তিন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার পুরসভা বিজেপির দখলে

মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাও দখলে নিল বিজেপি। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়িকে সমর্থন করেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au