অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর,ছবি : সংগৃহীত
মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ মুহূর্তের নাটকীয়তায় বদলে গেছে কয়েকটি সমীকরণ, আর সেই সঙ্গে নিশ্চিত হয়েছে বিভিন্ন দলের নকআউট যাত্রাপথ।
গ্রুপ ‘ডি’ থেকে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। টনি পোপোভিচের দল আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে মিসরের। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।
এই ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়াকে শেষ ষোলোতে খেলতে হবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দের বিপক্ষে। সেখানেও জয় পেলে কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া অথবা ঘানা। আর স্বপ্নের সেমিফাইনালে ওঠতে পারলে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলে নাটকীয় ড্র নকআউটের সমীকরণ বদলে দেয়। নির্ধারিত সময়ের পর ৯৬তম মিনিটে অস্ট্রিয়া গোল করে ম্যাচ ড্র করে এবং দুই দলই নকআউট নিশ্চিত করে। এতে বিদায় নিতে হয় ইরানকে।
এর আগে অতিরিক্ত সময়ে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। সেই ফল থাকলে তাদের প্রতিপক্ষ হতো স্পেন। কিন্তু শেষ মুহূর্তের গোলে পরিস্থিতি বদলে যাওয়ায় এখন আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
গ্রুপ পর্ব শেষে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগাল, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, মিসর, মরক্কো, নরওয়ে, সুইডেন, ঘানা, কেপ ভার্দে, আলজেরিয়া, অস্ট্রিয়া, কোট দিভোয়ার, কানাডা, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, ইকুয়েডর, সেনেগাল, ক্রোয়েশিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া, চেকিয়া, কাতার, স্কটল্যান্ড, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, ইরান, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান, উজবেকিস্তান ও পানামার বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নয়টি দলের মধ্যে কেবল জাপান ও অস্ট্রেলিয়া নকআউট পর্বে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল বনাম জাপান, জার্মানি বনাম প্যারাগুয়ে, নেদারল্যান্ডস বনাম মরক্কো, ফ্রান্স বনাম সুইডেন, ইংল্যান্ড বনাম কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম বনাম সেনেগাল, স্পেন বনাম অস্ট্রিয়া, পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া, অস্ট্রেলিয়া বনাম মিসর এবং আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে।
অন্যদিকে ইংল্যান্ডের সম্ভাব্য নকআউট যাত্রাপথেও রয়েছে কঠিন পরীক্ষা। শেষ ৩২-এ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে হারাতে পারলে শেষ ষোলোতে মেক্সিকো অথবা ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। এরপর কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, জাপান, কোট দিভোয়ার কিংবা নরওয়ের বিপক্ষে খেলতে হতে পারে। সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিসর, সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া বা ঘানা।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই নিউইয়র্কে।