বাংলাদেশ

তাপপ্রবাহে বাড়ছে বিদ্যুতের চাহিদা

লোডশেডিং মোকাবেলায় বৃষ্টির দিকে তাকিয়ে বাংলাদেশ, জনদুর্ভোগে জেলায় জেলায় বিক্ষোভ

  • 6:37 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
লোডশেডিংয়ে জনদুর্ভোগ, ৭ জেলায় বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুন- তীব্র তাপপ্রবাহের মধ্যে সারা দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইল, ঝালকাঠি, নেত্রকোনা, রাজশাহী, শেরপুর, সিলেট এবং ঢাকার দোহারসহ অন্তত সাত জেলায় বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের চেষ্টার ঘটনাও ঘটেছে। ফুটবল বিশ্বকাপের ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় জনঅসন্তোষ আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলার বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্টদের মতে, তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতির সবচেয়ে বড় আশা বৃষ্টি। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে, একই সঙ্গে বিদ্যুতের চাহিদাও হ্রাস পাবে, যা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে দেশে প্রতিদিন গড়ে দুই হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং হচ্ছে। শনিবার দিবাগত রাত ২টায় চলমান সংকটের মধ্যে সর্বোচ্চ তিন হাজার ৪৩১ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে। রোববার রাত ৮টায় জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ১৪৬ মেগাওয়াট, কিন্তু ঘাটতি ছিল এক হাজার ৯৮৩ মেগাওয়াট।

দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৮ হাজার মেগাওয়াটের বেশি হলেও জ্বালানি সংকট ও বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় বর্তমানে প্রকৃত উৎপাদন ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ফলে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিতরণ সংস্থাগুলো।

পিজিসিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগে মধ্যরাতের পর বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যেত। কিন্তু বর্তমানে রাত ১০টার পর থেকেই লোডশেডিং বাড়তে শুরু করছে এবং মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, আগে রাজধানী ও বড় শহরগুলোকে তুলনামূলকভাবে লোডশেডিংমুক্ত রাখা সম্ভব হলেও এখন ঢাকার বিভিন্ন এলাকাতেও দিনে দুই থেকে তিন দফায় এক থেকে দেড় ঘণ্টা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে হচ্ছে। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন অনেক এলাকায় দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

লোডশেডিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় আর্জেন্টিনা-জর্ডানের বিশ্বকাপ ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালায়। জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (প্রকৌশলী) ওমর ফারুক জানান, তাদের এলাকায় ২৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র ৯ মেগাওয়াট। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

টাঙ্গাইলের জামুর্কীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্থানীয় বাসিন্দারা পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের সামনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ জনতা উপকেন্দ্রে ভাঙচুরেরও চেষ্টা চালায়।

ঢাকার দোহারের নুরপুর এলাকায় গ্রাহকরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে মানববন্ধন এবং ঢাকা-দোহার সড়ক অবরোধ করেন। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের মাধ্যমে বিদ্যুৎ সংকটের প্রতিবাদ জানানো হয়।

সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুতের দাবিতে ক্ষুব্ধ গ্রাহকরা সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এর আগে শনিবার রাতে বিক্ষুব্ধ জনতা উপজেলার বিদ্যুৎ উপকেন্দ্রের বাইরে থাকা ৩৩ কেভি অটোমেটিক সার্কিট রিক্লোজার বন্ধ করে দেয়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

রাজশাহীর বাগমারায় লোডশেডিংয়ের কারণ ব্যাখ্যা করতে বের হওয়া পল্লী বিদ্যুতের একটি প্রচারযান আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বিশ্বকাপের ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেন। শেরপুর পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আখতারুজ্জামান বলেন, তাদের এলাকায় ৭০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ মেগাওয়াট। এ কারণে পুরো ম্যাচ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়নি।

দেশজুড়ে বিদ্যুৎ সংকটের বিষয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, একটি বড় বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে আকস্মিক লিকেজ ধরা পড়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ করতে হয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে একটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হয়নি। ফলে ওই কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ইউনিটও উৎপাদনের বাইরে রয়েছে। এই দুটি কারণে জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, যার প্রভাব রাজধানীসহ সারা দেশে পড়েছে। তিনি পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলমান তাপপ্রবাহের কারণে বাসাবাড়ি, অফিস ও শিল্পকারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও বৈদ্যুতিক পাখার ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাত ১০টার পর সারা দেশে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চার্জে বসানো হচ্ছে, যা মধ্যরাতেও বিদ্যুতের চাহিদা অনেক বেশি রাখছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফুটবল বিশ্বকাপের রাতভর ম্যাচ, যার কারণে গভীর রাতেও বিদ্যুতের ব্যবহার কমছে না।

সংকট আরও তীব্র করেছে গ্যাসের সরবরাহ কমে যাওয়া এবং কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন হ্রাস। পায়রা ও বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র বিপুল বকেয়া বিলের কারণে কয়লা সংগ্রহে সমস্যার মুখে পড়েছে। কয়েক বছর ধরে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিল নিয়মিত পরিশোধ করা না যাওয়ায় বর্তমানে পিডিবির মোট বকেয়া প্রায় ৪৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম জানান, গ্যাসের ঘাটতির কারণে গত কয়েক দিন প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে। তবে মন্ত্রণালয়ের উদ্যোগে গ্যাস সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে, ফলে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে উৎপাদনও কিছুটা বেড়েছে। তবুও রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে এখনও বন্ধ রয়েছে।

এদিকে লোডশেডিংকে কেন্দ্র করে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস ও সাবস্টেশনসহ ১১টি স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে। বিদ্যুৎ বিভাগের সূত্র জানিয়েছে, দেশের আরও কয়েকটি বিতরণ কোম্পানিও একই ধরনের নিরাপত্তা সহায়তা চেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

বালিতে হামলায় অস্ট্রেলিয় নাগরিকের মৃত্যু

মেলবোর্ন, ২২ আগষ্ট: ইন্দোনেশিয়ার বালিতে কথিত হামলায় অস্ট্রেলিয়ার পার্থের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চার অস্ট্রেলীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। নিহত পল ডুগান গত…

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au