সেথ রোজেন ও জোনা হিল ‘দ্য স্টুডিও’-র দ্বিতীয় মৌসুমের শুটিং করছেন। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৬ জুলাই: হলিউড তারকা সেথ রোজেন ও জোনা হিল তাদের টিভি সিরিজের শুটিং চলাকালে এক জনপ্রিয় ইউটিউবারের আকস্মিক উপস্থিতিতে বিরক্তি প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটে লস অ্যাঞ্জেলেসে, যেখানে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’-র দ্বিতীয় মৌসুমের শুটিং চলছিল।
নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবার ইয়াং মুচ, যার ইনস্টাগ্রামে ১ লাখ ৩৪ হাজার এবং ইউটিউবে ৫ লাখ ৫৮ হাজারের বেশি অনুসারী রয়েছে, শুক্রবার ‘Los Angeles is Falling Apart’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন।
এক পর্যায়ে তিনি ভেনিস বিচে পৌঁছে দেখতে পান সেথ রোজেন ও জোনা হিল ‘দ্য স্টুডিও’-র দ্বিতীয় মৌসুমের শুটিং করছেন। তবে দুই অভিনেতাই তার উপস্থিতিকে স্বাগত জানাননি।
ভিডিওতে দেখা যায়, মুচ দৌড়ে গিয়ে বৈদ্যুতিক স্কুটারে বসে থাকা রোজেন ও হিলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “কেমন আছেন? শুধু হ্যালো বলতে চেয়েছিলাম।” জবাবে রোজেন সঙ্গে সঙ্গে বলেন, “না! আমরা কাজ করছি।”
এরপর মুচ জোনা হিলের কাছে গিয়ে ফিস্ট-বাম্প করে জানতে চান, “লস অ্যাঞ্জেলেসে সফল হতে চাওয়া মানুষদের জন্য আপনার কোনো পরামর্শ আছে?”হিল শান্তভাবে উত্তর দেন, “জীবন উপভোগ করুন, ভালো মানুষ হোন।” এ সময় শুটিং ইউনিটের একজন সদস্য এসে ইউটিউবারকে সরে যেতে অনুরোধ করেন।
এর মধ্যেই মুচের দলের আরেক সদস্য হিলের সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। অন্যদিকে মুচ আবার রোজেনের কাছে গিয়ে একই প্রশ্ন করেন, লস অ্যাঞ্জেলেসে সফল হতে চাইলে কী পরামর্শ দেবেন।
রোজেন প্রথমে বলেন, “আমি ভালো আছি। দয়া করে আমাদের একটু জায়গা দিন।” কিন্তু ইউটিউবার প্রশ্ন চালিয়ে গেলে তিনি বিরক্ত হয়ে বলেন, “মানুষ যখন তাদের শো বানানোর চেষ্টা করছে, তখন তাদের বিরক্ত করবেন না। এটা মোটেও ভালো ধারণা নয়।”
রোজেন আরও বলেন, “এটাই আমার দেওয়া সেরা পরামর্শ।” তবে মুচ বারবার “আরেকটা পরামর্শ” চাইতে থাকেন। শেষ পর্যন্ত বিরক্ত রোজেন সংক্ষিপ্তভাবে বলেন, “নিজের মতো থাকুন।”
এরপর মুচ সেখান থেকে সরে গিয়ে ক্যামেরার দিকে বলেন, “দেখুন সবাই, আমরা একটি সিনেমার শুটিংয়ের মাঝখানে চলে এসেছি। এটাই লস অ্যাঞ্জেলেস।”
মুচ পরে ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, ভিডিওটি ধারণ করতে চার দিন এবং সম্পাদনা করতে ১৬ ঘণ্টা সময় লেগেছে।উল্লেখ্য, অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’-র দ্বিতীয় মৌসুমের শুটিং শুরু হয়েছে গত মার্চে। নতুন মৌসুমে অতিথি তারকা হিসেবে ম্যাডোনা, মাইকেল কিটন, জুলিয়া গার্নার, ডোনাল্ড গ্লোভার, চ্যানিং ট্যাটাম এবং মারিও লোপেজ-এর মতো তারকাদের দেখা যাবে।
সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন সেথ রোজেন, তার দীর্ঘদিনের সহযোগী ইভান গোল্ডবার্গ, পিটার হিউক, অ্যালেক্স গ্রেগরি এবং ফ্রিদা পেরেজ।
সূত্র-“নিউজ .কম.এইউ”