বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই চলছে, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

  • 11:57 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণের দাবি ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়কার কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকার চায় না অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার হোক। তাই অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বক্তব্যে বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী দাবি করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যা বর্তমান সময়ের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমান। তিনি বলেন, এটি তার ব্যক্তিগত তথ্য নয়, বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।

দুর্নীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প কেবল কাগজে-কলমে দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। বাস্তবে সেখানে এক ইঞ্চি সড়কও নির্মাণ হয়নি বলে দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এসব অনিয়ম দেশের অর্থনীতি ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত নিষ্পত্তিতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন তিনি।

নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো শর্টকাট পথ নেই। প্রতিদিন শিখতে হয় এবং সততা বজায় রেখে মানুষের সেবা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হয়। তিনি আরও বলেন, নিজের দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। সঞ্চালনায় ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

 

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au