বার্লিন প্রাইড প্যারেডে গাড়ি হামলার সন্দেহভাজন পুলিশের অভিযানে নিহত।ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৭ জুলাই: জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড প্যারেড চলাকালে জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তি পুলিশের অভিযানে নিহত হয়েছেন। জার্মান সংবাদমাধ্যম আরবিবি জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আব্দুল বাল্লুত, বয়স ২১ বছর। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বার্লিন পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমএর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) রাত থেকে দেশজুড়ে সন্দেহভাজনকে ধরতে ব্যাপক অভিযান চালায় জার্মান আইনশৃঙ্খলা বাহিনী। পরে বার্লিনের স্পানডাউ জেলার একটি অ্যালটমেন্ট গার্ডেন কমপ্লেক্সে পুলিশের অভিযানের সময় গুলিতে তিনি নিহত হন।
এর আগে শনিবার সন্ধ্যায় বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেট সংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় অনুষ্ঠিত ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি) প্রাইড উদযাপনের সময় একটি গাড়ি হঠাৎ জনতার ভিড়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম দ্রুত জোরদার করা হয়।
প্রতিবছরের মতো এবারও ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ অধিকারভিত্তিক আয়োজন ক্রিস্টোফার স্ট্রিট ডে উপলক্ষে লাখো মানুষ বার্লিনে সমবেত হয়েছিলেন। তবে প্রাণঘাতী এই হামলার পর পুরো উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আয়োজকেরা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য, সম্ভাব্য সহযোগী এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে ঘিরে সব ধরনের সম্ভাবনাই বিবেচনায় রাখা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালে নিউইয়র্কের স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে বার্লিনে প্রতিবছর এই প্রাইড প্যারেড অনুষ্ঠিত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানির বিভিন্ন শহরে জনসমাগমে গাড়ি তুলে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম এবং ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও একই ধরনের হামলায় প্রাণহানির ঘটনা ঘটে, যা দেশটির জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সুত্রঃ ইন্ডিয়া টুডে