গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
মেলবোর্ন, ৩০ জুলাই: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)…
মেলবোর্ন, ৩০ জুলাই: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় দুই শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যার সন্দেহে থাকা এক মা ঘটনার আগের দিনই স্থানীয় থানায় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার পোর্ট ম্যাকডোনেলের কাছে সমুদ্র থেকে ৩৬ বছর বয়সী হেলেনা রাইট এবং তাঁর ২৩ মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িটির ইঞ্জিন তখনও চালু ছিল।
হেলেনা রাইটের তিন মাস বয়সী ছেলে নিখোঁজ ছিল। শিশুটিকে উদ্ধারে স্থল, জল ও আকাশপথে টানা অনুসন্ধান চালানো হলেও বুধবার বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সেই অভিযান বন্ধ করে দেয় পুলিশ। তাদের ভাষ্য, এত সময় পেরিয়ে যাওয়ার পর শিশুটির বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও অনুসন্ধান এলাকার পরিবেশের কারণে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও খুবই কম।
পুলিশ জানায়, হেলেনা রাইট ঘটনার আগের দিন রোববার মাউন্ট গ্যাম্বিয়ার পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলেন। পরদিন সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে তাঁর এক বন্ধুর ফোন পাওয়ার পর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। পরে সকাল ১১টা ১৩ মিনিটে কেপ নর্থাম্বারল্যান্ড এলাকায় তাঁর গাড়ি পড়ে থাকার খবর পায় পুলিশ।
দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখন করোনারের তদন্তাধীন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে না। তদন্তের জন্য সব তথ্য ও প্রমাণ করোনারের কাছে হস্তান্তর করা হবে।

ডিটেক্টিভ ইন্সপেক্টর কক্স বলেছেন যে শিশুটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ‘শূন্য’। ছবি: এসএ পুলিশ (SA Police)
পুলিশের প্রাথমিক ধারণা, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন না। তাদের মতে, মা এবং তাঁর দুই সন্তান ছাড়া অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটি হত্যাকাণ্ড-আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে প্রতিবেশীরা জানান, হেলেনা রাইটের পরিবার ছিল বেশ ব্যক্তিগত স্বভাবের। তবে তারা প্রতিবেশীদের সঙ্গে আন্তরিক আচরণ করতেন এবং প্রয়োজনে সহযোগিতা করতেন। হেলেনাকে তারা প্রাণবন্ত ও হাসিখুশি মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বাগান করতে ভালোবাসতেন এবং শিশুদের পোশাক তৈরি করতে পছন্দ করতেন। পরিবারটি ধর্মপ্রাণ ছিল এবং প্রতি রোববার গির্জায় যেত বলেও জানান প্রতিবেশীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলেনার ঘনিষ্ঠজনেরা জানতেন যে তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। তবে প্রতিবেশীদের ভাষ্য, তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল ও যত্নশীল মা। তাদের দাবি, ওই বাড়ি থেকে কখনো ঝগড়া বা অস্বাভাবিক কোনো শব্দ শোনা যায়নি।

পুলিশ বুধবার পর্যন্ত ওই নারীর তিন মাস বয়সী ছেলের সন্ধান চালিয়েছিল। ছবি: এসএ পুলিশ (SA Police)
পুলিশ সুপারিনটেনডেন্ট ট্রেন্ট কক্স বলেন, সোমবার দিনের শুরুতে তিন মাসের শিশুটি তার মায়ের সঙ্গেই ছিল। তবে কয়েক দিন পেরিয়ে যাওয়ার পর তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যায়। তিনি বলেন, এখন এটি কেবল উদ্ধার অভিযান হলেও শিশুটি কোথায় রয়েছে, তা জানা যায়নি।
এই মর্মান্তিক ঘটনায় হেলেনা রাইটের স্বামী ও শিশু দুটির বাবাকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনা পুরো এলাকাকে শোকাহত করেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাউন্ট গ্যাম্বিয়ারে মনোবিজ্ঞানী ও চিকিৎসাকর্মীদের একটি দল মোতায়েন করা হয়েছে, যারা প্রয়োজন অনুযায়ী মানসিক সহায়তা দেবেন।
বুধবারের অনুসন্ধান অভিযানে পুলিশের বিশেষ ইউনিট, জরুরি সেবা সংস্থা (এসইএস), স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী দল অংশ নেয়। আকাশে ড্রোন ব্যবহার করা হলেও সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির কারণে পানির নিচের ড্রোন ব্যবহার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শিশুকে খুঁজে বের করার প্রচেষ্টায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে তা ক্রাইম স্টপার্সের কাছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র:নিউজ .কম. এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au