বাংলাদেশ

পুলিশের বাধায় হবিগঞ্জ যেতে পারেননি এনসিপি নেতারা

  • 3:33 am - July 30, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই:হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। পরে হবিগঞ্জ সীমান্তেও তাদের আটকে দেওয়া হয়। এতে তারা নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর থামিয়ে দেয় মৌলভীবাজার পুলিশ। এ সময় নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। প্রায় আধা ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করলে হবিগঞ্জ জেলার সীমানায় প্রবেশের পর প্রায় ৮ কিলোমিটার এগিয়ে কামাই ছড়া এলাকায় আবারও তাদের থামিয়ে দেয় হবিগঞ্জ পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে ট্রাক ও ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে এনসিপির নেতাকর্মীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সড়কে বসে প্রতিবাদ জানান। রাত পৌনে ৯টা পর্যন্ত তারা কামাই ছড়া এলাকায় অবস্থান করছিলেন। পরে তাদের মৌলভীবাজারে ফিরে আসার কথা ছিল।

এনসিপির গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ড. আতিক মুজাহিদ, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

দলীয় একটি সূত্র জানায়, এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জের বাহুবল এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিতে যায়। অভিযোগ দাখিলের পর তাদেরও মৌলভীবাজারে ফিরে আসার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছে হবিগঞ্জের পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে হবিগঞ্জের উদ্দেশে রওনা দিলেও তারা পথে বাধার মুখে পড়েন।

এদিকে হামলার ঘটনায় বিএনপি, ছাত্রদল ও স্থানীয় এক সংসদ সদস্যের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেন, হবিগঞ্জে পথসভা শেষে ফেরার পথে রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

সারজিস আলমের অভিযোগ, হামলাকারীরা তাদের বহর ভেবে একটি গণমাধ্যমের গাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের সামনেও আবার হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলায় আহত ১৮ বছর বয়সী এক কর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়। পরে তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদল জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বলে উল্লেখ করে সারজিস আলম এর সমালোচনা করেন। তিনি আরও অভিযোগ করেন, হামলার প্রতিবাদে ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

তবে তিনি বলেন, আইনকে সম্মান জানিয়েই এনসিপি রাজনৈতিকভাবে এসব ঘটনার মোকাবিলা করবে এবং গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে।

এদিকে হবিগঞ্জের পরিস্থিতির কারণে মৌলভীবাজারে এনসিপির পূর্বনির্ধারিত দুটি জুলাই পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়। জেলার কুলাউড়া উপজেলার ডাকবাংলো মাঠ ও রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় সারজিস আলমসহ কয়েকজন আহত হন। পরে তারা মৌলভীবাজারে এসে চিকিৎসা নেন। সারজিস আলম মৌলভীবাজার সদর হাসপাতালের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা গ্রহণ করেন।

 

এই শাখার আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

মেলবোর্ন, ৩০ জুলাই: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)…

ইরানকে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

মেলবোর্ন, ৩০ জুলাই: মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের…

২০৩৬ সালে টাকার মূল্য থাকবে না? এআই নিয়ে ইলন মাস্কের বিস্ময়কর ভবিষ্যদ্বাণী

মেলবোর্ন, ২৯ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের অগ্রগতির ফলে প্রচলিত অর্থব্যবস্থার…

‘দ্য ওডিসি’তে কে কত পারিশ্রমিক নিয়েছেন

মেলবোর্ন, ৩০ জুলাই: পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর…

আত্মহত্যার আগের দিন থানায় গিয়েছিলেন মা, সমুদ্রে মিলল মা-মেয়ের মরদেহ

মেলবোর্ন, ৩০ জুলাই: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় দুই শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যার সন্দেহে থাকা এক মা ঘটনার আগের দিনই স্থানীয় থানায় গিয়েছিলেন…

২০ বিলিয়ন ডলার ছাড়াল আইপিএলের বাজারমূল্য

মেলবোর্ন, ৩০ জুলাই: ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) বাজারমূল্য প্রথমবারের মতো ২০ বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে। মালিকানা পরিবর্তন সংক্রান্ত দুটি বড় বিনিয়োগ চুক্তির পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au