বিশ্ব

অমিত শাহর পদত্যাগ দাবি করলেন রাহুল, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি

  • 10:51 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
অমিত শাহ ও রাহুল গান্ধী।ফাইল ছবি: এএনআই ও ভাস্কর মুখার্জি

মেলবোর্ন, ৩০ জুলাই: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থী বিক্ষোভ দমনে পেলেট বা ছররা গুলি ব্যবহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তিনি এই দাবি জানান। রাহুলের বক্তব্যকে সমর্থন জানিয়েছে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বুধবার রাতে প্রশ্নপত্র ফাঁস রোধ ও অপরাধীদের কঠোর শাস্তির লক্ষ্যে আনা একটি সংশোধনী বিলের ওপর লোকসভায় বিতর্কে অংশ নিয়ে রাহুল গান্ধী বলেন, ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর চালানো অভিযানে পেলেট গুলি ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই এসেছে।

তিনি বলেন, “আমাদের ছাত্রদের শরীরে ছররা গুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাই তাঁর পদত্যাগ করা উচিত।”

রাহুল আরও বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না, তাহলে সেটিও তাঁর অযোগ্যতার প্রমাণ। তাঁর ভাষায়, “হয় তিনি নির্দেশ দিয়েছেন, নয়তো তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। যে কারণই হোক, তাঁর পদত্যাগ করা উচিত।”

লোকসভায় দেওয়া বক্তব্যে রাহুল দাবি করেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে থাকলেও লোকসভায় উপস্থিত হননি।

সিজেপির সমর্থন

রাহুলের বক্তব্যের পর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর ভাষণের ভিডিও শেয়ার করে সিজেপির মুখপাত্র সৌরভ দাস লেখেন, “২০ জুলাইয়ের পুলিশি অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা গভীর উদ্বেগের বিষয়। ওই দিনের ঘটনার দায় তাঁরই। প্রতিটি জীবন মূল্যবান।”

সিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, ওই অভিযানে একজন শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং এর জবাব সরকারকে দিতে হবে।

সরকারপক্ষের পাল্টা প্রতিক্রিয়া

রাহুলের বক্তব্যের সময় সরকারদলীয় সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছররা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে রাহুল যে অভিযোগ করেছেন, তার কোনো প্রমাণ তাঁর কাছে আছে কি না।

তিনি বলেন, এমন অভিযোগ সংসদের অধিকারভঙ্গের শামিল। এ জন্য রাহুলের ক্ষমা চাওয়া উচিত এবং তাঁর বক্তব্যের বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

পরে বিরোধী সদস্যরা সংশোধনী বিলের ভোটাভুটির সময় ওয়াকআউট করলে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এরপর সংবাদ সম্মেলনেও রাহুল একই অভিযোগ পুনর্ব্যক্ত করে অমিত শাহর পদত্যাগ দাবি করেন।

সিআরপিএফ প্রধানের মন্তব্য

এদিকে ছররা গুলি ব্যবহারের ঘটনায় কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবেন না, এমন ইঙ্গিত দিয়েছেন সিআরপিএফের মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এক অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “পরিস্থিতি মোকাবিলায় যা প্রয়োজন, নির্ভয়ে করুন। সব দায় আমার, জবাবদিহিও আমি করব।”

সিজেপির মুখপাত্র সৌরভ দাস।ফাইল ছবি

অভিযোগ রয়েছে, শিক্ষার্থী বিক্ষোভে ছররা গুলি ব্যবহার করেছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ), যা সিআরপিএফের অধীন হলেও দিল্লি পুলিশের নির্দেশনায় দায়িত্ব পালন করে। উভয় সংস্থাই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন।

আন্দোলন আরও বিস্তারের পরিকল্পনা

শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকারের সঙ্গে লিখিত সমঝোতা হলেও সিজেপির অভিযোগ, বিভিন্ন রাজ্যে এখনো আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ না হলে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

সরকারের ওপর চাপ বাড়াতে শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ ও নতুন প্রজন্মের পেশাজীবীদের নিয়ে বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছে সিজেপি। এ লক্ষ্যে সম্প্রতি উত্তর ভারতের কৃষক নেতা রাকেশ সিং টিকায়েতের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনটির নেতারা।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, শিক্ষার্থী ও কৃষক সমাজকে এক প্ল্যাটফর্মে এনে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে আলোচনা চলছে।

বিবিসি ওয়ার্ল্ড নিউজ

এই শাখার আরও খবর

অবসরের দুদিন আগে বাসা থেকে পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৩১ জুলাই: অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে সিলেট নগরীর নিজ বাসা থেকে পুলিশের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬)…

ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

মেলবোর্ন, ৩১ জুলাই: প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং…

রুশ হামলা প্রতিহতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মেলবোর্ন, ৩১ জুলাই: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১ হাজার ৬১৮তম দিনে রুশ আকাশ হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানের পাইলট নিরাপদে…

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

মেলবোর্ন, ৩১ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষককে পৃথক অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চার শিক্ষককে তাঁদের একাডেমিক…

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

মেলবোর্ন, ৩১ জুলাই: ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার (৩০…

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো : কাদের সিদ্দিকী

মেলবোর্ন, ৩১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au