বিনোদন

রামায়ণ ট্রেলার প্রকাশ

‘রামায়ণ’- এর প্রথম ঝলকে মুগ্ধ দর্শক, আলোচনায় রণবীর-যশ

  • 11:13 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
‘রামায়ণ’- এর প্রথম ঝলকে মুগ্ধ দর্শক, আলোচনায় রণবীর-যশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে রণবীর কাপুরের রাম, যশের রাবণ, সাই পল্লবীর সীতা এবং রবি দুবের লক্ষ্মণকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ও সমালোচনা – দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।

ট্রেলারের শুরুতেই রাবণের শক্তিশালী আবির্ভাব দেখানো হয়েছে। বিশাল প্রাসাদের দরজা ভেঙে নিজের শক্তির প্রকাশ ঘটিয়ে তিনি ‘রাবণরাজ’-এর সূচনার ঘোষণা দেন। রাবণের তাণ্ডবে দেবতা ও রাজারা যখন আতঙ্কিত, তখন অযোধ্যার রাজা দশরথের পুত্র এবং বিষ্ণুর অবতার রামের আবির্ভাব ঘটে।

ট্রেলারে রামের শৈশব থেকে বনবাস পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ঝলক তুলে ধরা হয়েছে। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে অসুরবধ, কৈকেয়ীর দাবিতে ১৪ বছরের বনবাসে যাওয়া এবং সীতার বনবাসে সঙ্গী হওয়ার মতো পরিচিত ঘটনাও এতে স্থান পেয়েছে। নির্মাতারা এবার অযোধ্যা ও লঙ্কার রাজকীয় পরিবেশ, বিশাল সেট, প্রোডাকশন ডিজাইন এবং আবেগঘন উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। আগের টিজারে অতিরিক্ত ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের যে সমালোচনা হয়েছিল, নতুন ট্রেলারে তা অনেকটাই কমেছে বলে মনে করছেন দর্শকদের একটি অংশ।

তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো, এতে সানি দেওল অভিনীত হনুমান চরিত্রকে দেখানো হয়নি। বিষয়টি নিয়ে অনেক দর্শক বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে ধারণা করছেন, পরবর্তী কিস্তির জন্য চরিত্রটি ইচ্ছাকৃত ভাবেই গোপন রাখা হয়েছে। ট্রেলার প্রকাশের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অনেক তারকা। অভিনেত্রী ভূমি পেডনেকর ট্রেলার শেয়ার করে একে “অসাধারণ” আখ্যা দিয়ে সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অভিনেতা নবীন পলিশেট্টি নির্মাতা নীতেশ তিওয়ারির প্রশংসা করে ছবিটিকে “এপিক” বলেছেন। প্রযোজক গুনীত মঙ্গাও ট্রেলারটিকে “অবিশ্বাস্য” বলে মন্তব্য করেছেন।

সাধারণ দর্শকদের অনেকেই ট্রেলারের ভিজ্যুয়াল, নির্মাণশৈলী, আবেগ এবং বিশেষ করে যশের রাবণ চরিত্রের উপস্থিতির প্রশংসা করেছেন। তাঁদের মতে, ট্রেলারের প্রতিটি ফ্রেমেই বড় ক্যানভাসের ছাপ স্পষ্ট। তবে সমালোচনাও কম হয়নি। কয়েকজন দর্শকের মতে, প্রায় চার হাজার কোটি রুপির বাজেটের দাবি অনুযায়ী ট্রেলারটি প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেনি। কিছু দৃশ্যে গ্রিন স্ক্রিনের ব্যবহার চোখে পড়েছে বলেও মন্তব্য এসেছে। রণবীর কাপুরের সংলাপ উপস্থাপন এবং কয়েকটি দৃশ্যে আবেগের ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

এ ছাড়া লক্ষ্মণ রেখার কোনো ইঙ্গিত না থাকা এবং রাবণ চরিত্রকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। প্রশংসা-সমালোচনার মধ্যেও একটি বিষয়ে অধিকাংশ দর্শক একমত- যশের রাবণ চরিত্র ট্রেলারের অন্যতম বড় আকর্ষণ। অন্যদিকে অনেকের মতে, রণবীর কাপুরও রামের শান্ত, সংযত ও গম্ভীর ব্যক্তিত্ব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, লারা দত্ত, অরুণ গোভিল, বিবেক ওবেরয়, কুনাল কাপুর, কাজল আগরওয়াল ও ইন্দিরা কৃষ্ণানসহ বড় একটি তারকা বহুল অভিনয় শিল্পী দল রয়েছে। ছবির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম কিস্তি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au