মেলবোর্ন, ২ আগস্ট: যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চৌগাছা উপজেলার বাসিন্দা এবং এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
চৌগাছা থানার পুলিশ জানায়, উপজেলার উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী (১৮) শনিবার রাতে থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার কাজে সহযোগিতার কথা বলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আরাফাত মোটরসাইকেলে করে ওই তরুণীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে বিভিন্ন কথা বলে তাঁকে নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
অভিযোগের পর তরুণী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরে রাতেই তিনি নিজে বাদী হয়ে চৌগাছা থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর রাত ৯টার দিকে পুলিশ অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার আদালতে পাঠানো হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান। তিনি বলেন, আরাফাত কলেজ শাখা ছাত্রদলের নেতা। তাঁর দাবি, অভিযুক্তের পরিবারের সঙ্গে অভিযোগকারী তরুণীর পরিবারের প্রায় ১৫ বছর ধরে বিরোধ ও মামলা চলছে। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছে।