বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার নতুন অধ্যায় শুরু আজ

  • 2:03 am - August 04, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ আগস্ট: ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ সোমবার থেকেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনার প্রধান বিষয় হবে হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি।

গতকাল রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এখন আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিচ্ছি। আগামীকাল (সোমবার) বিকেল থেকে আলোচনা শুরু হবে।” তবে আলোচনা কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

এর আগে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে শনিবার সেই পরিকল্পনা স্থগিত করে তিনি কূটনৈতিক আলোচনায় ফেরার সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্পের দাবি, সম্ভাব্য হামলাটি বাস্তবায়ন করা হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান হতো। একই সঙ্গে তিনি বলেন, ইরান ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাঁকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল।

তবে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের গণমাধ্যম। তাদের ভাষ্য, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার কোনো অনুরোধ জানায়নি।

আলোচনায় গুরুত্ব পাবে হরমুজ প্রণালি

ট্রাম্প জানিয়েছেন, নতুন দফার আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পাশাপাশি আলোচনার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান।

এদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে তারা চূড়ান্ত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এমন একটি নৌপথ নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে, যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং নিরাপত্তা ও জাতীয় স্বার্থ নিশ্চিত করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালি আবার পুরোপুরি খুলে দেওয়া হবে।

যুদ্ধের পটভূমি

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। ছয় মাসের এই সংঘাতে কয়েক দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে তা ভেঙে যায় এবং সংঘর্ষ আবারও তীব্র আকার ধারণ করে।

গত মাসে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ওই সময় ট্রাম্প নতুন হামলার হুমকি দিলে ইরানও মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দেয়। এর পরিপ্রেক্ষিতে অঞ্চলে থাকা মার্কিন দূতাবাসগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়।

সমঝোতা পুনরুজ্জীবনের চেষ্টা

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, ওই সমঝোতা চূড়ান্ত শান্তিচুক্তি নয়; বরং একটি বৃহত্তর সমঝোতার ভিত্তি হিসেবে তৈরি করা হয়েছিল। এতে হরমুজ প্রণালি-সংক্রান্ত কিছু বিধানও অন্তর্ভুক্ত ছিল।ঘাশঘাভির ভাষায়, “বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় চলছে।”

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, প্রতিপক্ষকে যে কোনো চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে বিরোধ

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তবে সংঘাতের সময় ইরান প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং জাহাজ চলাচলে টোল আদায়ের অবস্থান নেয়। যুক্তরাষ্ট্র এ অবস্থান প্রত্যাখ্যান করে।

এই বিরোধই সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে ওঠে। ইরান তাদের উপকূলঘেঁষা পথ ছাড়া অন্য কোনো নৌপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।এদিকে সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তেলের দামে প্রভাব

ট্রাম্পের নতুন আলোচনা ঘোষণার পর সোমবার এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৭২ ডলারে নেমে আসে।

এদিকে হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে, যা কৌশলগত এই জলপথে নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির থাকার ইঙ্গিত দিচ্ছে।

এই শাখার আরও খবর

বেরোবিতে কেন সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল-শিবির

মেলবোর্ন, ৪ আগস্ট : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রশিবিরের আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের…

ঢাকায় মাদ্রাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর লাশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল…

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩,নারী-শিশুসহ আহত ৪৭৩

মেলবোর্ন, ৪ আগস্ট: চলতি বছরের জুলাই মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি এবং শ্রমিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক…

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের…

অবসরের পরও লাভবান রাহানে, বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন সাবেক অধিনায়ক

মেলবোর্ন, ৪ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না অজিঙ্কা রাহানের। বোর্ডের পেনশন নীতিমালার আওতায়…

জি-স্কপের নতুন যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান রিপন

মেলবোর্ন, ৪ আগস্ট: দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)-এর নতুন যুগ্ম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au