বাংলাদেশ

দুই বছরে পাল্টে গেল সমীকরণ

দেশজুড়ে কেন সংঘর্ষে জড়িয়ে পড়ছে ছাত্রদল-ছাত্রশিবির

সংঘর্ষ ছড়িয়ে পড়ছে এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে

  • 12:10 am - August 05, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে মাত্র দুই বছরের ব্যবধানে প্রকাশ্য দ্বন্দ্ব এখন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস সংঘর্ষে রূপ নিয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগষ্ট- ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় একসঙ্গে রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে অংশ নেওয়া জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে মাত্র দুই বছরের ব্যবধানে প্রকাশ্য দ্বন্দ্ব এখন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস সংঘর্ষে রূপ নিয়েছে। চলতি বছরের জুলাইজুড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বিচ্ছিন্ন উত্তেজনার পর আগস্টের শুরুতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একের পর এক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং মারামারির ঘটনায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় শিক্ষাঙ্গনে নতুন করে অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া সংঘর্ষ রাত গভীর পর্যন্ত চলতে থাকে। এরপর মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও সায়েন্সল্যাব এলাকায়। কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সূত্রপাত হয় ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীকে কেন্দ্র করে। প্রদর্শনীতে ‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামে কয়েকজনের ছবি প্রদর্শন করা হলে ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গিয়ে কয়েকটি ছবি ও ব্যানার সরিয়ে নেওয়ার দাবি জানান। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং হামলার ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১১টা পর্যন্ত ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং ছাত্রদলের নেতা-কর্মীরা পার্ক মোড় মসজিদসংলগ্ন এলাকায় অবস্থান নেন। দীর্ঘ সময় ধরে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

মারামারির ঘটনায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক শিবলী সাদিক অভিযোগ করেন, তাঁরা প্রদর্শনীতে যেসব ছবি প্রদর্শন করেছিলেন, সেগুলো সরিয়ে ফেলতে ছাত্রদল চাপ দেয়। প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষা করার কথা জানালেও ছাত্রদল তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি দাবি করেন, প্রথম দফার উত্তেজনা প্রশমিত হওয়ার পরও ছাত্রদল দ্বিতীয়বার লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তিদের ছবি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবির পাশে টাঙানো হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে ছবি অপসারণের দাবি করলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা চেয়ার ছুড়ে হামলা শুরু করে। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রশিবির কারমাইকেল কলেজসহ বিভিন্ন স্থান থেকে বহিরাগত এনে তাঁদের ওপর হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দুই সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বেরোবিতে সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল-শিবির। ছবিঃ সংগৃহীত

রংপুরের ঘটনার পরদিন মঙ্গলবার(৪ আগষ্ট) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রবেশের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), জাতীয় ছাত্রশক্তি এবং ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে অনুষ্ঠান শেষে শহীদ মিনারের সামনে তা মারামারিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জকসুর নেতা-কর্মীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা ও জনবল নিয়োগের দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে সেমিনারে প্রবেশ করতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।

জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে জকসুর ভিপি, জিএস, এজিএসসহ কয়েকজন নেতা আহত হন। আহতদের কয়েকজনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দাবি করেন, ইউজিসির চেয়ারম্যানকে বিব্রত করতে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠন পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছিল। তাঁদের সরে যেতে অনুরোধ করা হলেও তারা অস্বীকৃতি জানায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ হয় এবং ছাত্রদলেরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে মাত্র দুই বছরের ব্যবধানে প্রকাশ্য দ্বন্দ্ব এখন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস সংঘর্ষে রূপ নিয়েছে। ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পরপরই এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে। বিকেলে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তিনি জানান, ক্যাম্পাসের ভেতরে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে না।

সংঘর্ষের পর ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এ সময় বিকেল সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা কলেজের ঘটনার কিছুক্ষণের মধ্যেই রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে আবারও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল সোয়া ৫টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর থেকেই আলিয়া মাদ্রাসার সামনে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরের দিকে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার পর ছাত্রদলের নেতা-কর্মীরা মাদ্রাসার বাইরে এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ভেতরে অবস্থান নেন। বিকেলের দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক বিরোধ ক্রমেই প্রকাশ্য সংঘর্ষে রূপ নিচ্ছে। রংপুর থেকে রাজধানী পর্যন্ত মাত্র দুই দিনের ব্যবধানে একাধিক ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সংঘর্ষে জড়িতদের ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে সহিংসতা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড…

কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা

মেলবোর্ন, ৫ আগষ্ট- রাজধানীতে মশাল মিছিলকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান…

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।…

ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের ভাবনায় কনকাকাফের ৪১ সদস্য দেশ

মেলবোর্ন, ৫ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়ছে। ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়…

দীর্ঘ লোডশেডিংয়ে অন্ধকারে বাংলাদেশ, ভুতুড়ে বিদ্যুত বিলে অতিষ্ঠ গ্রাহক

মেলবোর্ন, ৫ আগষ্ট- দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দীর্ঘ লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মধ্যরাতের পরও দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au