"নিহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।"ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ৫ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর গাড়ির পেছনে জরুরি অভিযানে ছুটে চলা পুলিশের দুটি টহলগাড়ি ছিল। তবে পুলিশ জানিয়েছে, নিহত চালক কোনো তদন্তের আওতায় ছিলেন না।
বুধবার সকাল ১০টার কিছু পর সাইরেন ও ফ্ল্যাশিং লাইট চালু রেখে পারিবারিক সহিংসতার একটি জরুরি ঘটনার উদ্দেশে যাচ্ছিল পুলিশের দুটি গাড়ি। সে সময় অ্যাপিন রোডে একটি হ্যাচব্যাক গাড়ির প্রায় ৫০ মিটার পেছনে ছিল তারা।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার ব্রেট ম্যাকফ্যাডেন জানান, হঠাৎ করেই হ্যাচব্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী লেনে চলে যায় এবং সামনে থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়িটির চালকের মৃত্যু হয়। তাঁর বয়স আনুমানিক ৩৯ বছর।
দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত গাড়ি থামিয়ে ট্রাকচালককে সহায়তা করেন। ট্রাকচালক সামান্য আহত হন এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুরিধারী এক ব্যক্তিকে ঘিরে পারিবারিক সহিংসতার অভিযোগের একটি জরুরি ঘটনায় সাড়া দিতে যাচ্ছিলেন। সে কারণে তাঁদের গাড়ির সাইরেন ও সতর্কতামূলক বাতি দীর্ঘ সময় ধরেই চালু ছিল।
তবে দুর্ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পেছনে থাকা পুলিশের গাড়ি দেখে চালক আতঙ্কিত হয়ে এমনটি করেননি। সহকারী কমিশনার ম্যাকফ্যাডেন বলেন, কেন তিনি হঠাৎ বিপরীত লেনে চলে গেলেন, সেটিই এখন তদন্তের মূল বিষয়।

“ঘটনার পর দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের দ্রুত ও পেশাদার সাড়ার প্রশংসা করেছেন সহকারী পুলিশ কমিশনার ব্রেট ম্যাকফ্যাডেন।” ছবি: সংগৃহীত
পুলিশ আরও নিশ্চিত করেছে, নিহত চালকের বিরুদ্ধে কোনো তদন্ত চলছিল না এবং তাঁকে থামানোরও চেষ্টা করা হচ্ছিল না। কর্মকর্তাদের ভাষ্য, স্বাভাবিক পরিস্থিতিতে তাঁরা নিরাপদে ওই গাড়িটিকে অতিক্রম করে নিজেদের জরুরি অভিযানে এগিয়ে যেতেন।
ঘটনার পর এটিকে ‘ক্রিটিক্যাল ইনসিডেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, পুলিশের সম্পৃক্ততা থাকা এমন গুরুতর দুর্ঘটনার তদন্ত করা হবে।এদিকে, যে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশ সদস্যরা যাচ্ছিলেন, সেটিরও সমাধান হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সহকারী কমিশনার ম্যাকফ্যাডেন দুর্ঘটনার পর পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েও কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সহায়তায় মনোযোগ দেন এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
সূত্র: নাইন নিউজ